মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২০ মে ২০২৬
বাহরাইনে বড় ইদের ছুটি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ২২:৩৯
বাহরাইন
বাহরাইনে বড় ইদের ছুটি ঘোষণা
কোরবানীর ঈদ উপলক্ষে টানা ছয় দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে বাহরাইন সরকার। দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার জারি করা এক সার্কুলারে জানানো হয়েছে, আগামী ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশটির সব মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থায় ছুটি থাকবে। মূলত আরাফাতের দিন, ঈদুল আজহা এবং ঈদের পরবর্তী দুই দিনের ছুটি মিলিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার আরাফাতের দিন থেকে শুরু হয়ে ২৭, ২৮ ও ২৯ মে পর্যন্ত ঈদের ছুটি চলবে। তবে এর মধ্যে শুক্রবার সরকারি সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাওয়ায় কর্মীদের জন্য ছুটি একটি দিন বাড়িয়ে ৩১ মে রোববারও ছুটি দেয়া হয়েছে। ফলে বাহরাইনে সরকারি চাকরিজীবীরা টানা প্রায় এক সপ্তাহের দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন। ঈদকে ঘিরে ইতোমধ্যে দেশজুড়ে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। শপিংমল, বাজার ও কোরবানির পশুর মার্কেটগুলোতে বাড়ছে মানুষের ভিড়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো বাহরাইনেও প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি কমিউনিটির মধ্যেও ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। দীর্ঘ ছুটির কারণে অনেকে পরিবার নিয়ে ভ্রমণ কিংবা নিজ দেশে যাওয়ার পরিকল্পনাও করছেন।
ওমান
ওমানে ইদে টানা পাঁচ দিনের ছুটি
কোরবানীর ঈদ উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ওমান কর্তৃপক্ষ ।ঈদের ছুটি শুরু হবে ২৬ মে থেকে। ছুটির মধ্যে থাকছে আরাফাতের দিন এবং ঈদুল আজহার মূল উৎসব। ফলে দীর্ঘ এই বিরতিতে পরিবার নিয়ে সময় কাটানো, ভ্রমণ এবং ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন দেশটিতে বসবাসরত নাগরিক ও প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ওমানেও ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয়। মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হওয়ায়, এই সময় ওমান জুড়ে থাকে উৎসবের আমেজ। বিভিন্ন শহরে ঈদের নামাজ, কোরবানি, পারিবারিক আয়োজন এবং দাতব্য কার্যক্রমকে কেন্দ্র করে তৈরি হয় বিশেষ পরিবেশ। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি কমিউনিটির মধ্যেও এই ছুটি ঘিরে দেখা যায় ব্যাপক আনন্দ ও উদ্দীপনা।২৭ মে মধ্যপ্রাচ্যের অনেক দেশে ঈদুল আজহা পালিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। শুধু ওমান নয়, ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবও ঈদের ছুটির ঘোষণা দিয়েছে। কোথাও চার দিন, কোথাও আবার ছয় দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা। ৩১ মে থেকে আবার স্বাভাবিক কার্যক্রম চালু হবে ওমানে।
কুয়েত
কুয়েতে জুন থেকে শুরু হবে মিড ডে ওয়ার্ক ব্যান
কুয়েতে প্রচণ্ড গরম থেকে শ্রমিকদের সুরক্ষা দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত খোলা জায়গায় দিনের সবচেয়ে গরম সময়ে কাজ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার জানিয়েছে, প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো শ্রমিককে রোদে বা খোলা পরিবেশে কাজ করানো যাবে না। মূলত তীব্র গরমের কারণে বাড়তে থাকা স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় বলছে, গ্রীষ্মকালে কুয়েতে তাপমাত্রা অনেক সময় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা নির্মাণ শ্রমিক, ডেলিভারি কর্মী এবং বাইরের কাজে নিয়োজিত মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তাই শ্রমিকদের হিটস্ট্রোক, পানিশূন্যতা ও অন্যান্য শারীরিক জটিলতা থেকে রক্ষা করতেই এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে। নতুন আইনে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে জরিমানা এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শ্রম পরিদর্শকরা বিভিন্ন নির্মাণ সাইট ও কর্মস্থলে অভিযান চালিয়ে নিয়মটি মানা হচ্ছে কিনা তা দেখভাল করবেন।
কুয়েতে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক, বিশেষ করে বাংলাদেশি ও দক্ষিণ এশিয়ার কর্মীদের জন্য এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
সৌদি আরব
সৌদিতে হজের সময় তীব্র দাবদাহের সতর্কতা
দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি জানিয়েছে, এবারের হজ মৌসুমে মক্কা ও পবিত্র স্থানগুলোতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে দিনের বেলায় প্রবল গরম বাতাস ও ধূলিঝড় পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। বিশেষ করে আরাফাতের ময়দান, মিনাসহ খোলা স্থানে অবস্থান করা লাখো হাজির জন্য এই পরিস্থিতি বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। দিনের বেলায় বাতাসের গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, যার কারণে ধুলা ও বালু বাতাসে ছড়িয়ে দৃষ্টিসীমা কমে যেতে পারে। এছাড়া তায়েফ অঞ্চলের পাহাড়ি এলাকায় বজ্রঝড় তৈরি হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে, যা পরবর্তীতে মক্কা ও আশপাশের পবিত্র স্থানগুলোতেও প্রভাব ফেলতে পারে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তারা ইতোমধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়েছে। হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ প্রযুক্তি, রাডার, স্যাটেলাইট ও মোবাইল মনিটরিং ইউনিট। পাশাপাশি বিভিন্ন ভাষায় আবহাওয়ার আপডেট ও সতর্কবার্তা প্রচারের ব্যবস্থাও রাখা হয়েছে। গত বছরও তীব্র তাপপ্রবাহের কারণে বহু হাজি অসুস্থ হয়ে পড়েন এবং শত শত মানুষের মৃত্যুর খবর সামনে আসে। তাই এবার শুরু থেকেই বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে সৌদি প্রশাসন।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে বাংলাদেশি ম্যানেজারের শাস্তি কমালো দেশটির আদালত
দুবাইয়ে এক বাংলাদেশি কোম্পানি ম্যানেজারকে ঘিরে আলোচিত শ্রম আইন মামলায় রায় দিয়েছে আপিল আদালত। শুরুতে যেখানে তার বিরুদ্ধে ১২ লাখ দিরহামের বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছিল, আপিলের পর সেই জরিমানা কমিয়ে মাত্র ৬০ হাজার দিরহাম নির্ধারণ করেছে দুবাই কোর্ট অব আপিল। ঘটনাটি ঘিরে প্রবাসী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আদালতের তথ্য অনুযায়ী, দুবাইভিত্তিক একটি টেকনিক্যাল সার্ভিস কোম্পানির ৬০ বছর বয়সী বাংলাদেশি ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কোম্পানির কার্যক্রম বন্ধ করে দিলেও তার অধীনে থাকা ১২ জন শ্রমিকের বৈধ কাগজপত্র ও আইনি অবস্থার সমাধান করেননি। আর সেই অভিযোগের ভিত্তিতে প্রথম আদালত প্রতিটি শ্রমিকের জন্য এক লাখ দিরহাম করে মোট ১২ লাখ দিরহাম জরিমানা করে যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ১ লাখ টাকা। পরে অভিযুক্ত ম্যানেজার আপিল করলে মামলায় নতুন মোড় আসে। তার আইনজীবী আদালতে দাবি করেন, কোম্পানিটি আসলে বন্ধ হয়নি এবং শ্রম পরিদর্শকরা ভুল ধারণার ভিত্তিতে রিপোর্ট তৈরি করেছেন। আদালতে প্রমাণ দেখানো হয় যে, শ্রমিকদের বেতন নিয়মিত পরিশোধ করা হচ্ছিল এবং কোনো শ্রমিকই বেতন বকেয়া বা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করেননি। সবকিছু পর্যালোচনা করে দুবাই কোর্ট অব আপিল আগের রায় বহাল রাখলেও, শাস্তি অনেক কমিয়ে দেয়। এই রায়কে প্রবাসী ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।
logo-1-1740906910.png)