সৌদি আরবে হজের সময় তীব্র দাবদাহ থাকবে বলে সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৯:২৬
পবিত্র হজ সামনে রেখে সৌদি আরবে জারি করা হয়েছে তীব্র দাবদাহ ও ধূলিঝড়ের সতর্কতা। দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি জানিয়েছে, এবারের হজ মৌসুমে মক্কা ও পবিত্র স্থানগুলোতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
একই সঙ্গে দিনের বেলায় প্রবল গরম বাতাস ও ধূলিঝড় পরিস্থিতিকে আরো কঠিন করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিশেষ করে আরাফাত, মিনাসহ খোলা স্থানে অবস্থান করা লাখো হাজির জন্য এই পরিস্থিতি বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। দিনের বেলায় বাতাসের গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, যার কারণে ধুলা ও বালু বাতাসে ছড়িয়ে দৃষ্টিসীমা কমে যেতে পারে।
এছাড়া তায়েফ অঞ্চলের পাহাড়ি এলাকায় বজ্রঝড় তৈরি হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে, যা পরবর্তী সময়ে মক্কা ও আশপাশের পবিত্র স্থানগুলোতেও প্রভাব ফেলতে পারে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তারা ইতোমধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়েছে। হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ প্রযুক্তি, রাডার, স্যাটেলাইট ও মোবাইল মনিটরিং ইউনিট। পাশাপাশি বিভিন্ন ভাষায় আবহাওয়ার আপডেট ও সতর্কবার্তা প্রচারের ব্যবস্থাও রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব ভয়াবহভাবে বেড়েছে এবং হজ মৌসুমে চরম গরম এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছরও তীব্র তাপপ্রবাহের কারণে বহু হাজি অসুস্থ হয়ে পড়েন এবং শত শত মানুষের মৃত্যুর খবর সামনে আসে। তাই এবার শুরু থেকেই বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে সৌদি প্রশাসন।
এদিকে, অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টার দায়ে ৭ সৌদি নাগরিককে জরিমানা করেছে পুলিশ। অন্যদিকে, অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টার কারণে ৫ মালয়েশিয়ানকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ।
logo-1-1740906910.png)