Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে পহেলা জুন থেকে শুরু মিড ডে ওয়ার্ক ব্যান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১৯:২৪

কুয়েতে পহেলা জুন থেকে শুরু মিড ডে ওয়ার্ক ব্যান

কুয়েতে প্রচণ্ড গরম থেকে শ্রমিকদের সুরক্ষা দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত খোলা জায়গায় দিনের সবচেয়ে গরম সময়ে কাজ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার জানিয়েছে, প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো শ্রমিককে রোদে বা খোলা পরিবেশে কাজ করানো যাবে না। মূলত তীব্র গরম ও জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তে থাকা স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির শ্রম মন্ত্রণালয় বলছে, গ্রীষ্মকালে কুয়েতে তাপমাত্রা অনেক সময় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা নির্মাণ শ্রমিক, ডেলিভারি কর্মী এবং বাইরের কাজে নিয়োজিত মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তাই শ্রমিকদের হিটস্ট্রোক, পানিশূন্যতা ও অন্যান্য শারীরিক জটিলতা থেকে রক্ষা করতেই এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে।

নতুন আইনে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে জরিমানা এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শ্রম পরিদর্শকরা বিভিন্ন নির্মাণ সাইট ও কর্মস্থলে অভিযান চালিয়ে নিয়ম মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবেন।

কুয়েতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানেও গ্রীষ্মকালে একই ধরনের মধ্যাহ্নবিরতি চালু রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে ক্রমেই তাপমাত্রা বাড়ছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ভয়াবহ আকার ধারণ করছে। তাই ভবিষ্যতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরো কঠোর আইন আসতে পারে।

কুয়েতে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক, বিশেষ করে বাংলাদেশি ও দক্ষিণ এশিয়ার কর্মীদের জন্য এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। 

Logo