পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে বাহরাইন সরকার। দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার জারি করা এক সার্কুলারে জানানো হয়েছে, আগামী ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশটির সব মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থায় ছুটি থাকবে।
মূলত আরাফাতের দিন, ঈদুল আজহা এবং ঈদের পরবর্তী দুই দিনের ছুটি মিলিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার আরাফাতের দিন থেকে শুরু হয়ে ২৭, ২৮ ও ২৯ মে পর্যন্ত ঈদের ছুটি চলবে।
তবে এর মধ্যে শুক্রবার সরকারি সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাওয়ায় কর্মীদের জন্য অতিরিক্ত ক্ষতিপূরণ হিসেবে ৩১ মে রোববার আরো একদিন ছুটি দেওয়া হয়েছে। ফলে বাহরাইনে সরকারি চাকরিজীবীরা টানা প্রায় এক সপ্তাহের দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন। ঈদুল আজহাকে ঘিরে ইতোমধ্যে দেশজুড়ে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে।
শপিংমল, বাজার ও কোরবানির পশুর মার্কেটগুলোতে বাড়ছে মানুষের ভিড়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো বাহরাইনেও প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি কমিউনিটির মধ্যেও ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। দীর্ঘ ছুটির কারণে অনেকে পরিবার নিয়ে ভ্রমণ কিংবা নিজ দেশে যাওয়ার পরিকল্পনাও করছেন।
logo-1-1740906910.png)