Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে ঈদ সামনে রেখে আসছে আরো ৫৩ হাজার পশু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:১৭

ওমানে ঈদ সামনে রেখে আসছে আরো ৫৩ হাজার পশু

ওমানে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর সরবরাহ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগেই আরো প্রায় ৫৩ হাজার গবাদিপশু ওমানে পৌঁছাবে, যাতে বাজারে পর্যাপ্ত পশু সরবরাহ বজায় থাকে এবং দাম নিয়ন্ত্রণে রাখা যায়।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য মাসকাট ডেইলি জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রায় ১ লাখ ৯৪ হাজার ভেড়া ও ছাগল এবং ১৩ হাজারের বেশি গরু আমদানি করা হয়েছে। এছাড়া ঈদের আগে আরো কয়েক হাজার পশু আসার কথা রয়েছে।

ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছর পশুর চাহিদা অনেক বেড়ে যায়, তাই বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষ যেন স্বাভাবিক দামে পশু কিনতে পারেন, সে জন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট, অতিরিক্ত মূল্য বৃদ্ধি বা অসাধু ব্যবসায়ীদের কার্যক্রম ঠেকাতে বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি চালানো হচ্ছে।

দেশটির কনজ্যুমার প্রটেকশন অথরিটিও পশুর বাজারে নজরদারি বাড়িয়েছে এবং ব্যবসায়ীদের ন্যায্য দামে পশু বিক্রির নির্দেশ দিয়েছে। তবে কর্তৃপক্ষ আরো জানিয়েছে, কিছু রপ্তানিকারক দেশে জাহাজ পরিবহন ও সরবরাহসংক্রান্ত সমস্যার কারণে কিছুটা চাপ তৈরি হলেও বাজারে পশুর কোনো ঘাটতি হবে না।

Logo