Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের কঠোর বার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৫:৪৪

সৌদিতে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের কঠোর বার্তা

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে ভিসার মেয়াদ শেষ হবার পরও সৌদি আরবে অবস্থান করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সৌদি কর্তৃপক্ষ কঠোর সতর্কবার্তায় জানিয়েছে,যারা হজ বা অন্য কোনো ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবস্থান করবেন, তাদের সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং পরে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। একই সঙ্গে হজ মৌসুমে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়েছে। মন্ত্রণালয় বলছে,প্রতিবছর লাখো মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে আসেন,তাই অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈধ কাগজপত্র এবং নির্ধারিত নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।

কর্তৃপক্ষ আরও সতর্ক করে জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে কাউকে আশ্রয় দেয়,পরিবহন সুবিধা দেয় বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থাকতে সহায়তা করে, তাহলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ইতোমধ্যে হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশ, অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান জোরদার করেছে সৌদি সরকার।এদিকে, সৌদি সরকার আরো জানিয়েছে, হজ মৌসুমে লাখো মুসল্লি সৌদি আরবে আসেন, তাই তাদের নিরাপত্তা, থাকা-খাওয়া ও সার্বিক সেবার মান নিশ্চিত করতে সরকার কঠোর নজরদারি চালাচ্ছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন হজ ও ওমরাহ সেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে,যাদের বিরুদ্ধে হাজিদের সঙ্গে চুক্তি অনুযায়ী সেবা না দেওয়ার অভিযোগ উঠেছিল।সৌদি সরকার স্পষ্টভাবে জানিয়েছে,হাজিদের অধিকার ও সেবার মান রক্ষায় কোনো ধরনের অবহেলা বা নিয়ম ভঙ্গের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অনুমোদিত সব কোম্পানিকে নির্ধারিত নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।এ ক্ষেত্রে কোন গাফিলতি সহ্য করা হবে না। 

Logo