বাহরাইনে সব চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারে কঠোরতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:৩৯
বাহরাইন সরকার শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে জাতীয়করণ নীতি আরো কঠোর করেছে। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে সব খাতে নির্দিষ্ট কোটা অনুযায়ী বাহরাইনি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক। কোনো প্রতিষ্ঠান এই শর্ত পূরণে ব্যর্থ হলে প্রতি বিদেশি কর্মীর জন্য অতিরিক্ত ৫০০ দিনার ফি দিতে হবে।
শ্রমবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (Labour Market Regulatory Authority) জানিয়েছে, ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। ছোট প্রতিষ্ঠানগুলোতে পাঁচজন পর্যন্ত বিদেশি কর্মী থাকলে নতুন ভিসা নেওয়ার সময় জাতীয়করণ শর্ত প্রযোজ্য হবে। বড় প্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত কোটা পূরণ না করলে সরকারি টেন্ডারে অংশ নেওয়ার সুযোগও হারাতে হবে।
বাহরাইন সরকার স্থানীয় কর্মীদের নিয়োগ আকর্ষণীয় করতে বিশেষ বেতন সহায়তা কর্মসূচি চালু করেছে। প্রথম বছরে ৭০ শতাংশ, দ্বিতীয় বছরে ৫০ শতাংশ এবং তৃতীয় বছরে ৩০ শতাংশ বেতন সহায়তা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় স্নাতকদের জন্য সর্বোচ্চ সহায়তা সীমা ৮০০ দিনার, ডিপ্লোমাধারীদের জন্য ৬০০ দিনার এবং উচ্চমাধ্যমিক বা তার নিচের শিক্ষাগত যোগ্যতার জন্য ৪৫০ দিনার নির্ধারণ করা হয়েছে।
শ্রম তহবিল (Tamkeen) প্রকৌশলী, আইনজীবী, ডাক্তার, দন্তচিকিৎসক এবং ফ্রিল্যান্স পেশাজীবীদের জন্য বিশেষ কর্মসংস্থান সহায়তা কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে বেসরকারি খাতে বাহরাইনি নাগরিকদের অংশগ্রহণ আরো বাড়ানো হবে।
বিশ্লেষকদের মতে, এই নীতি বাহরাইনের শ্রমবাজারে স্থানীয়দের অংশগ্রহণ বাড়াবে এবং বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা কমাবে। তবে বিদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থান সীমিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যেই বাহরাইনি কর্মী নিয়োগে ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত সাফল্য অর্জন করেছে, যা স্থানীয় জনশক্তির প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
logo-1-1740906910.png)