Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৭ মে ২০২৬

বাহরাইনে এনার্জি ড্রিংক বিক্রি, পাঁচ বিক্রেতাকে জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ২১:৩২

বাহরাইনে এনার্জি ড্রিংক বিক্রি, পাঁচ বিক্রেতাকে জরিমানা

বাহরাইন 

বাহরাইনে এনার্জি ড্রিংক বিক্রি, পাঁচ বিক্রেতাকে জরিমানা 

বাহরাইনে অপ্রাপ্তবয়স্ক শিশুদের কাছে এনার্জি ড্রিংক বিক্রির অভিযোগে পাঁচ দোকানিকে জরিমানা করেছে দেশটির লোয়ার ক্রিমিনাল কোর্ট। আদালত অভিযুক্তদের ৫০ থেকে ১০০ বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা করেছে। দেশটির পাবলিক হেলথ ডিরেক্টরেট কয়েকটি দোকানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানায় যে, এসব দোকানের বিক্রেতারা শিশুদের কাছে উচ্চমাত্রার ক্যাফেইন ও টরিনযুক্ত এনার্জি ড্রিংক বিক্রি করছিল। বাহরাইনের আইনে ১৮ বছরের কম বয়সীদের কাছে এ ধরনের পানীয় বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এগুলো শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়। তদন্ত শেষে অভিযুক্ত দোকান মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করা হয় এবং আদালত তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করে। একই সঙ্গে পাবলিক প্রসিকিউশন সব দোকান মালিক ও কর্মচারীদের সতর্ক করে বলেছে, আইন মেনে চলতে হবে এবং স্বাস্থ্যঝুঁকির কারণে শিশুদের কাছে এনার্জি ড্রিংক বিক্রি থেকে বিরত থাকতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযানে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


সৌদি আরব

সৌদি আরবে হাজার হাজার ভিসা বাতিল 

সৌদি আরব শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ২০০টিরও বেশি প্রবাসীর ওয়ার্ক ভিসা বাতিল করেছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এসব ভিসা বাতিলের পাশাপাশি আইন ভঙ্গকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সরকারি পরিষেবা স্থগিত করা হয়েছে। গালফ নিউজের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ দল ও স্মার্ট নজরদারি ব্যবস্থা প্রায় ৯১ হাজার সন্দেহজনক মামলা খতিয়ে দেখেছে। এর মধ্যে অবৈধ কর্মসংস্থান সম্পর্কিত ১৩ হাজার ৫০৯টি মামলায় আইন লঙ্ঘন শনাক্ত হয়েছে। তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এসব মামলাকে সৌদিকরণ কর্মসূচি ‘নিতাকাত’ থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের বৈধ কর্মসংস্থানের সুযোগ দিতে মানবসম্পদ উন্নয়ন তহবিলে পাঠানো হয়েছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বেসরকারি খাতের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে সরেজমিন পরিদর্শনে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম শনাক্ত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা জারি করা হয়েছে। নিয়োগ কার্যালয়গুলোতে ৩ হাজার ৫২২টি আইন লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছে।অবৈধ গৃহকর্মী সেবা প্রচারের দায়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ২৩৮টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মানব পাচার প্রতিরোধের অংশ হিসেবে প্রায় ৫৪ হাজার ঘটনার আগাম পরিদর্শনও করেছে কর্তৃপক্ষ।সৌদি আরবের এই পদক্ষেপ শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টা হলেও প্রবাসীদের জন্য এটি বড় ধাক্কা। অনেক বাংলাদেশি শ্রমিকও এ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 


কুয়েত

কুয়েতে পচা সবজি ও ফল জব্দ, দোকানপাটের বিরুদ্ধে ব্যবস্থা 

কুয়েতে জাহরা গভর্নরেটের কেন্দ্রীয় ফল ও সবজি বাজার এবং এর অধীনস্থ বিভিন্ন দোকানপাটে অভিযানে প্রায় ২৮০টি খাদ্য প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এ সময় মোট ৫২টি আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে এবং বিপুল পরিমাণ পচা ও মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ফল ও সবজি জব্দ করা হয়,যেগুলো বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে যেসব অনিয়ম পাওয়া গেছে তার মধ্যে ছিল মানুষের খাওয়ার অনুপযোগী খাদ্যপণ্য বিক্রি, ভেজাল পণ্য বাজারজাত করা, স্বাস্থ্যবিধি না মানা এবং সাধারণ পরিচ্ছন্নতার নিয়ম লঙ্ঘন। অভিযানের পর সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়েতের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, নাগরিক ও প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষায় তারা নিয়মিত বাজার তদারকি চালিয়ে যাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সাম্প্রতিক সময়ে কুয়েতে খাদ্যপণ্যের মান ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ায় দেশটির প্রশাসন আরও কঠোর অবস্থান নিয়েছে। কর্তৃপক্ষের দাবি, বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য।


ওমান

ওমানে গাড়ির ইঞ্জিন চালু রেখে ঘুমানো নিয়ে সতর্কবার্তা 

ওমানে গাড়ির ইঞ্জিন চালু রেখে ভেতরে ঘুমানো বা দীর্ঘ সময় অবস্থানের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। সম্প্রতি দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের আল মুসান্নাহ এলাকায় একটি গাড়ির ভেতর চার বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর এই সতর্কতা জারি করা হয়। পুলিশ জানিয়েছে, গাড়ির এক্সস্ট থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় তাদের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, কার্বন মনোক্সাইড একটি অত্যন্ত বিপজ্জনক গ্যাস, যাকে “নীরব ঘাতক” বলা হয়। কারণ এই গ্যাসের কোনো রং বা গন্ধ নেই এবং মানুষ বুঝতেই পারে না কখন এটি শরীরে প্রবেশ করছে। গাড়ির ইঞ্জিন চালু থাকলে বিশেষ করে বন্ধ বা কম বাতাস চলাচল করে এমন স্থানে এই গ্যাস দ্রুত গাড়ির ভেতরে জমে যেতে পারে। এতে মানুষ ঘুমের মধ্যেই অজ্ঞান হয়ে যেতে পারে এবং অতিরিক্ত গ্যাস শরীরে প্রবেশ করলে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। ঘটনার পর ওমান পুলিশ সবাইকে সতর্ক করে বলেছে, ক্লান্ত লাগলেও কখনো গাড়ির ইঞ্জিন বা এসি চালু রেখে ঘুমানো উচিত নয়। পাশাপাশি বন্ধ জায়গায় গাড়ি চালু অবস্থায় রেখে দীর্ঘ সময় বসে থাকাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কর্তৃপক্ষ বলছে, সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে, তাই নিজের ও পরিবারের নিরাপত্তায় এ ধরনের বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাত দিয়েছে ১ লাখ ৬৭ হাজার গোল্ডেন ভিসা 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই দুনিয়ার নানান প্রান্তের দক্ষ পরিবারগুলোর জন্য ১ লাখ ৬৭ হাজার গোল্ডেন ভিসা ইস্যু করেছে। দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিডিআরএফএ জানিয়েছে, বিনিয়োগকারী, বিজ্ঞানী, বিশেষজ্ঞ, উদ্যোক্তা, মানবতাবাদী অগ্রদূত, সম্পত্তি বিনিয়োগকারী, মেধাবী শিক্ষার্থী এবং অবসরপ্রাপ্তদের এই গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে। ২০২১ সাল থেকে ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত এই গোল্ডেন ভিসা দেয়া হয়েছে। দুবাইয়ের সংস্থাটি আরো জানিয়েছে, প্রতিভাদের পরিবারকে ১,৬৭,১২৪টিরও বেশি এবং রিয়েল এস্টেট বিনিয়োগকারীদের পরিবারকে ১,০০,২৮৬টিরও বেশি রেসিডেন্সি প্রদান করা হয়েছে। কর্তৃপক্ষ বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের পরিবারকে ৭০,২৪৭টিরও বেশি, বিনিয়োগকারীদের পরিবারকে ৩৭,০২২টি এবং অবসরপ্রাপ্তদের পরিবারকে ৩,২৫৯টি রেসিডেন্সি প্রদান করেছে। এছাড়া উদ্যোক্তা, মানবতাবাদী অগ্রদূত এবং মেধাবী শিক্ষার্থীদের হাজার হাজার অতিরিক্ত রেসিডেন্সি মঞ্জুর করা হয়েছে। গোল্ডেন ভিসার এই ধারাবাহিক প্রবৃদ্ধকে দুবাইয়ের সামাজিক ও পরিষেবা পরিকাঠামোর প্রতি সারা বিশ্বের দক্ষ পেশাজীবীদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। 

Logo