Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি হজযাত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৯:৩০

সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি হজযাত্রী

চলতি বছরের হজ কার্যক্রমে এখন পর্যন্ত ১৫০টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৫৮ হাজার ৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সৌদিতে ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ এবং চারজন নারী। মক্কায় মারা গেছেন ১১ জন, আর মদিনায় চারজনের মৃত্যু হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৫টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ২৯ হাজার ৭০৪ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্সের ৫৩টি ফ্লাইটে গেছেন ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে পৌঁছেছেন ৮ হাজার ৮৮৯ জন। সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন হজযাত্রী, আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৩ হাজার ৯০৩ জন।

সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৩০ হাজার ১২৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্ক ১৭ হাজার ১১০টি সেবা প্রদান করেছে। হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এসব কার্যক্রম চালু রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

Logo