Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে শিল্প এলাকায় অভিযান, নানা অনিয়মের অভিযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৭:০৪

কুয়েতে শিল্প এলাকায় অভিযান, নানা অনিয়মের অভিযোগ

কুয়েতের বিভিন্ন শিল্প এলাকা ও স্ক্র্যাপইয়ার্ডগুলোতে অবৈধ কার্যক্রম দমনে আবারো বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কুয়েতের পাবলিক অথরিটি ফর ইন্ডাস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কুয়েত ফায়ার ফোর্স ও পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার যৌথভাবে আমঘারা এলাকার দক্ষিণ পাশের স্ক্র্যাপইয়ার্ডে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জমি দখল, অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা, শ্রম ও আবাসন আইন লঙ্ঘন এবং শিল্প এলাকার অপব্যবহারের অভিযোগে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।অভিযানে একাধিক অনিয়ম ও আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে এবং কয়েকজন শ্রমিককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

কর্মকর্তারা বলছেন, শিল্প ও স্ক্র্যাপ এলাকাগুলো শুধু নির্ধারিত কাজের জন্য ব্যবহার হচ্ছে কিনা, সেটি নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বসবাসকারী ও কাজ করা শ্রমিকদের শনাক্ত করাও ছিল অভিযানের অন্যতম লক্ষ্য।

কুয়েত সরকার বলছে, দেশজুড়ে শিল্প এলাকা ও শ্রমিক আবাসনগুলোতে নজরদারি আরো বাড়ানো হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। সাম্প্রতিক সময়ে কুয়েতে অবৈধ শ্রমিক, ভিসা আইন লঙ্ঘন এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ায় কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে গত বছরের মাঙ্গাফ অগ্নিকাণ্ডের পর শ্রমিক আবাসন ও শিল্প এলাকায় নিরাপত্তা এবং আইন প্রয়োগ নিয়ে আরো বেশি তৎপর হয়েছে দেশটির প্রশাসন।

Logo