কুয়েতে গত এক বছরে পথচারী আইন ভঙ্গের কারণে প্রায় ৮ হাজার ৯৩৮ জনকে জরিমানা করা হয়েছে। ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত লেন বা জেব্রা ক্রসিং ব্যবহার না করে রাস্তা পারাপার করায় এসব পথচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা কমানোর অংশ হিসেবে এ উদ্যোগ কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
জেনারেল ট্রাফিক ডিপার্টমেন্টের সহকারী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বাদের আল-কাত্তান জানান, ২০২৫ সালের ২২ এপ্রিল থেকে ২০২৬ সালের ২২ এপ্রিল পর্যন্ত সময়ে এসব আইন ভঙ্গের ঘটনা শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, সড়ক নিরাপত্তা শুরু হয় ব্যক্তিগত সচেতনতা থেকে এবং শেষ হয় সামাজিক নিরাপত্তায়। তাই প্রত্যেক নাগরিকের দায়িত্ব হলো ট্রাফিক আইন মেনে চলা।
২০২৬ সালের গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ট্রাফিক সপ্তাহে “ক্রস সেফলি” শীর্ষক স্লোগান নিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। আল-কাত্তান বলেন, ট্রাফিক সচেতনতা কোনো সাময়িক উদ্যোগ নয়, বরং এটি একটি জাতীয় ও মানবিক দায়িত্ব। এজন্য চালক ও পথচারী উভয়ের সহযোগিতা প্রয়োজন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাফিক আইন মেনে চললে প্রাণহানি কমবে, দুর্ঘটনা হ্রাস পাবে এবং সবার জন্য নিরাপদ পরিবেশ তৈরি হবে। এজন্য নিয়মিত তদারকি ও আইন প্রয়োগ অব্যাহত থাকবে।
এই উদ্যোগের মাধ্যমে কুয়েত সরকার জনসচেতনতা বাড়াতে চায়। পথচারীদের সতর্ক করা হয়েছে যে, নির্ধারিত লেন ছাড়া রাস্তা পারাপার করলে জরিমানা করা হবে। একই সঙ্গে চালকদেরও আহ্বান জানানো হয়েছে ট্রাফিক আইন মেনে চলতে।
কুয়েতে পথচারী আইন ভঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে সড়ক দুর্ঘটনা কমে এবং জননিরাপত্তা নিশ্চিত হয়।
logo-1-1740906910.png)