মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৪ মে ২০২৬
বাহরাইনে অভিযানে ২৯ জন আটক, ৯৪ বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ২১:২৫
বাহরাইন
বাহরাইনে অভিযানে ২৯ জন আটক, ৯৪ বহিষ্কার
বাহরাইনে শ্রম আইন ও রেসিডেন্সি আইন লঙ্ঘনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ সংস্থা LMRA। গত ৩ মে থেকে ৯ মে পর্যন্ত সপ্তাহব্যাপী অভিযানে ২৯ জন অনিয়মিত শ্রমিককে আটক করা হয়েছে এবং ইতোমধ্যে ৯৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক, এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দেশটিতে মে মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন এলাকায় মোট ৯৯৫টি পরিদর্শন চালানো হয়, যেখানে শ্রম ও আবাসন সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ পাওয়া যায়। বাহরাইনের সরকারি সংস্থাগুলোর যৌথ সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন অবৈধ শ্রমিক ও ভিসা অনিয়মের বিরুদ্ধে আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থান নিচ্ছে। ফলে যারা কাজের উদ্দেশে বিদেশে যাচ্ছেন, তাদের অবশ্যই বৈধ কাগজপত্র, সঠিক ভিসা এবং অনুমোদিত নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। অন্যথায় গ্রেপ্তার, জেল বা দেশে ফেরত পাঠানোর মতো পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। বাংলাদেশি প্রবাসীদের জন্য এই ঘটনাকে একটি বড় সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে।
কুয়েত
কুয়েতে অবৈধভাবে যাত্রী পরিবহন, আটক ৪ প্রবাসী
কুয়েতে অবৈধভাবে যাত্রী পরিবহনের অভিযোগে চার প্রবাসীকে আটক করেছে দেশটির ট্রাফিক পুলিশ। আরব টাইমস অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত নিরাপত্তা ও ট্রাফিক তদারকির অংশ হিসেবে অভিযান চালানোর সময় কর্মকর্তারা সন্দেহজনকভাবে কয়েকটি ব্যক্তিগত গাড়িতে যাত্রী বহন করতে দেখেন। পরে তদন্তে প্রমাণ মেলে, এসব গাড়ি কোনো বৈধ বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের লাইসেন্স ছিল না। এরপর পুলিশ অভিযান চালিয়ে চারজন প্রবাসীকে আটক করে এবং তাদের ব্যবহৃত গাড়িগুলোও জব্দ করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ট্রাফিক ও পরিবহন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশটির আইন অনুযায়ী অনুমোদন ছাড়া ব্যক্তিগত গাড়ি দিয়ে যাত্রী পরিবহন করা গুরুতর অপরাধ। কারণ এতে যাত্রীদের নিরাপত্তা, বীমা ও সরকারি পরিবহন ব্যবস্থার ওপর প্রভাব পড়ে। অনেক প্রবাসী বাড়তি আয়ের আশায় ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহন করলেও সেটি আইনি ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।
সৌদি আরব
সৌদিতে প্রবাসীদের চাকরি নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের
সৌদি আরবে চাকরি ব্যবস্থায় নতুন ও গুরুত্বপূর্ণ নিয়ম চালু করা হয়েছে। সৌদির Qiwa প্ল্যাটফর্ম আরো জানিয়েছে, কোনো অ-সৌদি বা প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলে অথবা ৩০ জুন ২০২৬-এর পর টানা তিন মাসের বেশি সময় ধরে যদি বৈধ ওয়ার্ক পারমিট না থাকে, তাহলে তার রেসিডেন্সি বাতিল হয়ে যাবে। বৈধ রেসিডেন্সি পারমিট বা আকামা থাকলেও এই নিয়ম প্রযোজ্য হবে। এই নতুন নিয়ম সৌদিতে থাকা লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে।এছাড়া নিয়মে আরো বলা হয়েছে, একজন কর্মী একসাথে সর্বোচ্চ দুটি বৈধ চাকরির চুক্তিতে থাকতে পারবেন। তবে কেউ যদি তৃতীয় কোনো কাজ নিতে চান, তাহলে আগের বিদ্যমান চুক্তির যে কোনো একটি সম্পন্ন করতে হবে। নতুন এসব নিয়মের পর দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও রেসিডেন্সী পারমিট বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
ওমান
ওমানে নারী চোর গ্যাংদের ধরল পুলিশ
ওমানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় এক নারী গ্যাংকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই চক্রটি কোনো দরজা ভাঙা বা জোর করে প্রবেশ না করেই ঘরের ভেতরে ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরি করত। তারা মূলত একটি খুব সাধারণ নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগাত। অনেক মানুষ অভ্যাসবশত বাড়ির বাইরে, যেমন- দরজার নিচে, জুতার ভেতরে বা ম্যাটের নিচে স্পেয়ার চাবি লুকিয়ে রাখে, সেটিই ছিল তাদের চুরির মূল হাতিয়ার।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই কৌশল ব্যবহার করে তারা বিভিন্ন বাসা থেকে মোট ২০ হাজার ওমানি রিয়ালের বেশি মূল্যের স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিস চুরি করেছে। পুলিশ জানায়, কোনো ধরনের জোরপূর্বক প্রবেশের চিহ্ন না থাকায় শুরুতে ঘটনাগুলো বোঝা কঠিন ছিল, কিন্তু পরে নজরদারি ও তদন্তের মাধ্যমে চক্রটিকে শনাক্ত করা হয়। এই ঘটনার পর পুলিশ সাধারণ মানুষকে কঠোরভাবে সতর্ক করেছে বাড়ির বাইরে স্পেয়ার চাবি লুকিয়ে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ এটি চোরদের জন্য সবচেয়ে সহজ প্রবেশপথ তৈরি করে দেয়।
logo-1-1740906910.png)