Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

লেবাননে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৯:২৪

লেবাননে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ

লেবাননের বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তার মধ্যে অবৈধভাবে বসবাস করা প্রবাসী এবং ইকামাবিহীন বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। জরিমানা ছাড়াই স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাওয়ায় প্রবাসীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

গত ১০ মে স্থানীয় সময় সকাল থেকেই বৈরুতে বাংলাদেশ দূতাবাসে ভিড় করেন দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা। নির্ধারিত ফরম পূরণ করে আবেদন জমা দেন তারা। একই সঙ্গে প্রয়োজনীয় ফি পরিশোধও করতে দেখা যায় তাদের। দূতাবাসের হলরুমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় নিবন্ধন কার্যক্রম। প্রথমে নারী ও শিশুদের আবেদন গ্রহণ করা হয়, পরে পুরুষদের আবেদন নেওয়া হয়। আবেদনকারীদের পাসপোর্ট, ইকামা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে দেখা গেছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, প্রথম দিন বিকেল পর্যন্ত মোট ৩০৬ জন প্রবাসী দেশে ফেরার আবেদন করেছেন। ১৪ মে থেকে দ্বিতীয় ধাপে আবারো নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। নিবন্ধন প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস। পাশাপাশি দ্রুত প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করার আশ্বাসও দেওয়া হয়েছে।

লেবাননে ইসরায়েলি হামলা ও সংঘাত তীব্রতর হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। অনেকেই কাজ হারিয়েছেন, আবার কেউ কেউ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন সময়ে জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ প্রবাসীদের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে।

প্রবাসীরা বলছেন, এতদিন দেশে ফেরার পথে নানা জটিলতা ও জরিমানার বোঝা ছিল। এখন সরকারের এই উদ্যোগে তারা সহজে দেশে ফিরতে পারবেন। এতে পরিবারে ফিরে নতুন করে জীবন শুরু করার সুযোগ তৈরি হবে।

Logo