বাংলাদেশিদের জন্য মাত্র ১০ মিনিটে ভিসা সরবরাহ করবে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার দূতাবাস। ১৪ মে দুপুরে ভোলা সার্কিট হাউসের হলরুমে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি। ভোলা চেম্বার অব কমার্স আয়োজিত এই সভায় তিনি বলেন, সংকটকালীন সময়ে আলজেরিয়া সব সময় বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।
রাষ্ট্রদূত জানান, ১৯৭১ সালে স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের সঙ্গে আলজেরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কৃষি, সার ও জ্বালানি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় দেশ। এ কারণে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আলজেরিয়া বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, আজকের এই পরিদর্শন দুই দেশের সম্পর্ককে আরো গভীর করবে এবং পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় হবে।
ভোলা পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, ভোলা একটি সুন্দর ও সম্ভাবনাময় শহর। এখানে কৃষি, সার কারখানা ও জ্বালানি খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি ভোলার উন্নয়ন দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জানান, সার কারখানা গড়ে তোলার ক্ষেত্রে আলজেরিয়া বিনিয়োগে আগ্রহী।
সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। বক্তারা মতবিনিময় সভাকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসায়িক সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অভিহিত করেন।
আলজেরিয়ার রাষ্ট্রদূতের এই ঘোষণা বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। দ্রুত ভিসা প্রদানের উদ্যোগ দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)