ওমানে চার প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছে। ওমানের মুলাদ্দা নামক এলাকায় ১৩ মে স্থানীয় সময় রাত ২টার দিকে গাড়ির ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন দেশটির প্রবাসী বাংলাদেশিরা।
মৃতরা আপন চার ভাই। তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বন্দা রাজার পাড়া এলাকায়। তাদের বাবার নাম আবদুল মজিদ। নিহতরা হলেন মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ।
ওমানের চট্টগ্রাম সমিতির সভাপতি ইয়াসিন চৌধুরী একটি গণমাধ্যমে জানিয়েছেন, চার ভাইয়ের একজন ওমানের নিজু, একজন আল সুইক, দুই ভাই বিল্লা এলাকায় থাকতেন।
ওই পরিবারের ৫ ভাইয়ের মধ্যে ৪ ভাই-ই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার উদ্দেশে তারা কেনাকাটা করতে চার ভাই একত্রিত হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে গাড়ির ভেতরে বসে এক ভাই তাদের শারীরিক অবস্থা খারাপ লাগার কথা অন্য এক প্রবাসীকে জানাতে পেরেছিলেন।
ঘটনা জানতে পেরে গাড়ির অবস্থানের দিকে ছুটে যান প্রবাসী বাংলাদেশিরা। তার আগেই রাত ২টার দিকে গাড়ির ইঞ্জিন চালু থাকা অবস্থায় অন্য প্রবাসীরা গাড়ির ভেতর চার ভাইকে সিটে নেতিয়ে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে জানালে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ মিসাইলের মিলিটারি হাসপাতালে রাখা হয়েছে।
ওমানের চট্টগ্রাম সমিতির সভাপতি ইয়াসিন চৌধুরী আরো জানিয়েছেন, কোনো সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়নি। খাবারের বিষক্রিয়া নাকি অন্য কোনো কারণে চার ভাইয়ের মৃত্যু হয়েছে, তদন্তে তা বেরিয়ে আসবে।
পারিবারিক সূত্রে আরো জানা যায়, নিহতদের মধ্যে বড় ভাই বিবাহিত ছিলেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্য এক ভাইও সম্প্রতি বিয়ে করে ওমানে গিয়েছিলেন।
চার ভাইয়ের এমন মৃত্যুর ঘটনায় ওমানে বাংলাদেশি কমিউনিটি এবং তাদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
logo-1-1740906910.png)