মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৩ মে ২০২৬
বাহরাইনের গালফ এয়ারে যুক্ত হলো হাই স্পিড ইন্টারনেট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৯:৪০
বাহরাইন
গালফ এয়ারে যুক্ত হলো হাই স্পিড ইন্টারনেট
বাহরাইনের সরকারি বিমান সংস্থা গালফ এয়ার যাত্রীদের জন্য বড় প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে এসেছে। এয়ারলাইনটি প্রথমবারের মতো স্টারলিংক ইন্টারনেট সুবিধাসহ ফ্লাইট চালু করেছে, যার ফলে এখন আকাশে উড়ন্ত অবস্থাতেও যাত্রীরা পাবেন অত্যাধুনিক হাই স্পিড ওয়াইফাই সুবিধা। গালফ এয়ার জানিয়েছে, স্পেস এক্স পরিচালিত স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে যাত্রীরা ফ্লাইটের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও স্ট্রিমিং, লাইভ স্পোর্টস দেখা, অনলাইন গেমিং, ভিডিও কল, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং অফিসের কাজও করতে পারবেন।
স্টারলিংকের ইন্টারনেট সংযুক্ত উদ্বোধনী ফ্লাইটটি আয়োজন করা হয় বাহরাইনের আওয়াল প্রাইভেট টার্মিনাল থেকে। গালফ এয়ারের প্রধান নির্বাহী বলেন, এখন যাত্রীরা ৩৫ হাজার ফুট উচ্চতায় থেকেও বাসা-বাড়ির মতো ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হলো, এই Wi-Fi ব্যবহার করতে যাত্রীদের আলাদা টাকা দিতে হবে না। ইকনোমি থেকে বিজনেস সব কেবিনের যাত্রীরাই বিনামূল্যে এই সুবিধা পাবেন। গালফ এয়ার জানিয়েছে, প্রথমে Airbus A320 সিরিজের বিমানে এই প্রযুক্তি চালু করা হবে এবং ধীরে ধীরে এয়ারলাইনসের সব বিমানেই স্টারলিং ইন্টারনেট যুক্ত করা হবে।
সৌদি আরব
সৌদির মক্কায় কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা
সৌদিতে হজ মৌসুমকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সিদ্ধান্ত নিয়েছে দেশটির হজ কর্তৃপক্ষ। সিদ্ধান্তে জানানো হয়েছে, এবার থেকে হজের সাথে সম্পৃক্ত সব কর্মীদের জন্য মেনিনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজের সময় যে কোনো সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো। কারণ এই সময় পবিত্র নগরীতে লাখো মানুষ একসাথে বিভিন্ন দেশ থেকে এক জায়গায় জড়ো হন। স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, এই ভ্যাকসিন নেওয়া শুধু কর্মীদের জন্যই নয়, বরং হাজিদের নিরাপত্তার জন্যও খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। যারা হজের সময় নানাভাবে হাজিদের সেবা প্রদান করবেন, যেমন চিকিৎসা কর্মী, নিরাপত্তা কর্মী এবং অন্যান্য সহায়তাকারী স্টাফ, তাদের নির্দিষ্ট সময়ের আগেই টিকা নিয়ে নিতে হবে এবং অফিসিয়াল স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে তাদের টিকাকরণের তথ্য যাচাই করা হবে। এই নিয়ম না মানলে হজ মৌসুমে দায়িত্ব পালনে সমস্যা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন সিদ্ধান্ত হজ ব্যবস্থাপনাকে আরো নিরাপদ, সুশৃঙ্খল এবং স্বাস্থ্যসম্মত করতে সাহায্য করবে।
কুয়েত
কুয়েতে গোল্ডের দোকানে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে অভিযান
কুয়েতে মানি লন্ডারিং বিরোধী অভিযানের ফলে চাপ পড়েছে স্বর্ণের দোকানগুলোর ওপর। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অ্যান্টি মানি লন্ডারিং এবং কাউন্টার মানি লন্ডারিং বিভাগ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০৬টি গোল্ড ও মূল্যবান পাথরের দোকানে অভিযান পরিচালনা করেছে। আর এই অভিযানে অন্তত ১৩৪টি আর্থিক অনিয়ম ও আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়েছে।কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক দোকান গ্রাহকের প্রকৃত পরিচয় যাচাই না করেই বড় অঙ্কের লেনদেন করেছে, আবার কোথাও সন্দেহজনক নগদ লেনদেনের তথ্যও গোপন রাখা হয়েছে। তদন্তে আরো উঠে এসেছে, প্রায় ১৫০টি ক্ষেত্রে সন্দেহজনক আর্থিক কার্যক্রমের ইঙ্গিত পাওয়া গেলেও সেগুলো ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন ইউনিটে রিপোর্ট করা হয়নি, যা কুয়েতের আর্থিক আইনের সরাসরি লঙ্ঘন। এদিকে, আহমাদি ও মুবারক আল-কাবির গভর্নরেট নকল পণ্যের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। অভিযানে ৫৪৩টি নকল পণ্য জব্দ করা হয়েছে, যার মধ্যে ছিল পোশাক, হ্যান্ডব্যাগ, জুতা এবং নারীদের বিভিন্ন অ্যাক্সেসরিজ। এছাড়া প্রায় ১ হাজার ৮০৭ প্যাকেট নিষিদ্ধ তামাক জব্দ করা হয়েছে। এই অপরাধে একটি দোকান তাৎক্ষণিকভাবে বন্ধও করে দেওয়া হয়েছে।
ওমান
ওমানে গ্রীষ্ম না আসতেই গরমের রেকর্ড
ওমানে এবার গ্রীষ্ম পুরোপুরি শুরু হওয়ার আগেই দাবদাহ দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ইতোমধ্যেই ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। আবহাওয়া তথ্য অনুযায়ী, সাহাম এলাকায় সর্বোচ্চ ৪৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা বর্তমান স্বাভাবিক তাপমাত্রার তুলনায় অনেক বেশি। এছাড়া সামাইল ও ফাহুদে ৪৩ দশমিক ৯, দিমা ওয়াত্তাইনে ৪৩ দশমিক ৬ এবং আল রুস্তাক ও মুকশিনে ৪৩ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে।
ওমানের সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, গ্রীষ্মের চূড়ান্ত সময় এখনো আসেনি। কিন্তু তার আগেই দেশের অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রির অনেক ওপরে উঠে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মরুভূমি অঞ্চল ও শুষ্ক আবহাওয়ার কারণে তাপমাত্রা দ্রুত বাড়ছে এবং আগামী সপ্তাহগুলোতে পরিস্থিতি আরো কঠিন হতে পারে। এদিকে প্রচণ্ড গরমের কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। বিশেষ করে নির্মাণশ্রমিক, বাইরের কাজ করা মানুষ এবং বৃদ্ধদের বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তাই প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)