Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১২ মে ২০২৬

বাহরাইনে ঈদ কবে জানালেন জ্যোতির্বিদরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ২০:১৭

বাহরাইনে ঈদ কবে জানালেন জ্যোতির্বিদরা

বাহরাইন

বাহরাইনে ঈদ কবে জানালেন জ্যোতির্বিদরা

বাহরাইনে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দেশটির জ্যোতির্বিদ মোহাম্মদ রেধা আল আসফুর। তিনি জানিয়েছেন, বাহরাইনে ১৮ মে থেকে শুরু হবে পবিত্র জিলহজ মাস। আর কোরবানির ঈদ উদযাপিত হতে পারে ২৭ মে বুধবার। জ্যোতির্বিদ আসফুর জানিয়েছেন, ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ ২০২৬ সালের ১৬ মে শনিবার রাতে জন্ম নিলেও সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। কারণ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, চাঁদের সংযোগ ঘটবে সূর্যাস্তের পরে। ফলে আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় কোরবানির ঈদ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর। আর পুরো মুসলিম বিশ্ব এখন সেই ঘোষণার অপেক্ষায় রয়েছে। কারণ ঈদুল আজহা শুধু একটি উৎসব নয়, বরং হজ, কোরবানি এবং ত্যাগের অন্যতম বড় ধর্মীয় উপলক্ষ।


কুয়েত

কুয়েতে অবৈধ কসাইখানা বন্ধ, প্রবাসীরা আটক

কুয়েতের রাজধানী কুয়েত সিটির কাছে কাবদ এলাকায় তিনটি অবৈধ কসাইখানা বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আর এই অবৈধ কসাইখানাগুলো বন্ধের অভিযানের সময় আটক করা হয়েছে ১০ জন বাংলাদেশি ও ভারতীয় নাগরিককে। আটক বাংলাদেশিদের নাম ও ঠিকানার ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট জানিয়েছে, এসব স্থানে কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই পশু জবাই করা হচ্ছিল এবং পুরো কার্যক্রমই জনস্বাস্থ্য ও কৃষি নিরাপত্তা আইন লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল। তদন্তে দেশটির পুলিশ জানিয়েছে, যেসব পশু খামার মূলত পশুপালনসহ অন্যান্য কাজে ব্যবহারের জন্য অনুমোদিত ছিল, সেগুলোকে গোপনে অবৈধভাবে কসাইখানা বানানো হয়েছিল। যেখানে স্বাস্থ্যবিধি বা খাদ্য নিরাপত্তার কোনো মানদণ্ড মানা হচ্ছিল না। পরে আইনি অনুমতি নিয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে শ্রমিকদের হাতেনাতে আটক করা হয়। আটকের সময় হাতেনাতে তাদের পশু জবাই  করতে দেখা যায়। কুয়েত কর্তৃপক্ষ বলছে, এই ধরনের অবৈধ কার্যক্রম মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে এবং খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। 

 

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে কোরবানির পশু কেনা নিয়ে সতর্কতা

আমিরাতে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বড় ধরনের সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ। কোরবানির পশু কেনাকে কেন্দ্র করে অনলাইনে বাড়ছে প্রতারণা। আর এই সুযোগেই সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন স্ক্যাম চক্র। কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপে কম দামে কোরবানির পশু বিক্রির নামে ভুয়া বিজ্ঞাপন ছড়িয়ে সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে। অনেক অফার এতটাই আকর্ষণীয় যে, ক্রেতারা সহজেই ফাঁদে পড়ে টাকা পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু পরে দেখা যাচ্ছে সেই পশু বা বিক্রেতার কোনো অস্তিত্বই নেই। দুবাই পুলিশ বলছে, ঈদের সময় নাগরিক বাসিন্দারা বেশি কেনাকাটা করে এবং ডিসকাউন্ট অফারের দিকে ঝুঁকে পড়েন, আর ঠিক সেই সময়টাকেই কাজে লাগিয়েই তারা ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, নকল ওয়েবসাইট এবং ফেক অর্ডার লিংক ব্যবহার করে মানুষকে দ্রুত টাকা পাঠাতে চাপ দিচ্ছে। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম টাকা নেওয়ার পর পুরো অ্যাকাউন্টই গায়েব হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে বলেছে, কোনো অফার যদি অস্বাভাবিক কম দামের মনে হয়, তাহলে সেটি নিয়ে সতর্ক থাকতে হবে। কোরবানির পশু কেনার ক্ষেত্রে শুধু অনুমোদিত ও বিশ্বস্ত বিক্রেতার সঙ্গে লেনদেন করতে বলা হয়েছে। 


সৌদি আরব

সৌদির কুবা মসজিদে রোবোবাসের ট্রায়াল

সৌদি আরবের মদিনায় ঐতিহাসিক কুবা মসজিদ এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ড্রাইভারবিহীন “রোবোবাস” শাটল সার্ভিস। সৌদি ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি এবং মদিনা রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির যৌথ উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প এখন মধ্যপ্রাচ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নতুন এই স্বয়ংক্রিয় বাসটি কোনো চালক ছাড়াই নির্ধারিত রুটে চলাচল করবে এবং মসজিদে আসা মুসল্লি ও দর্শনার্থীদের এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে দেবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এটি মূলত একটি পরীক্ষামূলক প্রকল্প, যার মাধ্যমে ভবিষ্যতে স্মার্ট ও স্বয়ংক্রিয় গণপরিবহন ব্যবস্থা আরো বড় পরিসরে চালুর সম্ভাবনা যাচাই করা হবে। রোবোবাসটি অত্যাধুনিক সেন্সর, ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে এটি রাস্তার পরিস্থিতি বুঝে নিজেই চলাচলে সক্ষম। বিশেষ করে ভিড়পূর্ণ ধর্মীয় এলাকায় দ্রুত, নিরাপদ এবং পরিবেশবান্ধব পরিবহন নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। পুরো ট্রায়াল কার্যক্রম প্রায় ৬০ দিন চলবে এবং এই সময়ের মধ্যে প্রযুক্তিটির কার্যকারিতা, নিরাপত্তা এবং মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে। সৌদি আরব বর্তমানে ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে স্মার্ট সিটি, আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা সম্প্রসারণে বড় বিনিয়োগ করছে। আর এই রোবোবাস প্রকল্প সেই পরিকল্পনারই একটি অংশ বলে মনে করা হচ্ছে। 

Logo