সৌদি আরবে এক সপ্তাহে গণগ্রেপ্তার ১১ হাজার অভিবাসী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:২৯
সৌদি আরবে আবারো অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত এক সপ্তাহব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে মোট ১১ হাজার ১৭৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার (১০ মে) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ১৫৩ জন আবাসন আইন ভঙ্গ করেছেন। সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন ৩ হাজার ৬১৯ জন এবং শ্রম আইন ভঙ্গ করেছেন ১ হাজার ৪০৩ জন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক হয়েছেন আরো ১ হাজার ৪১১ জন। এদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ান এবং ৩৬ শতাংশ ইয়েমেনি নাগরিক।
অন্যদিকে, অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরো ২৩ জনকে আটক করা হয়েছে। ইতোমধ্যেই আটককৃতদের মধ্যে ১১ হাজার ২৭২ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে অথবা আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
অভিযানে শুধু অবৈধ অভিবাসীই নয়, বরং তাদের সহায়তা করার অভিযোগে ১৯ জনকেও গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। এরা অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা চাকরির সুযোগ করে দিয়েছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে, কেউ যদি অবৈধ অভিবাসীদের সহায়তা করে, তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, আইন লঙ্ঘনকারীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে।
মূলত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রমবাজারকে সুশৃঙ্খল রাখতেই সৌদি সরকার এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।
logo-1-1740906910.png)