কুয়েতে প্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষায় নতুন সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৫:৪৩
কুয়েতে প্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষা আরো কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন সংশোধিত “ওয়াফেদ” কাঠামোর আওতায় বিদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, যার লক্ষ্য জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করা এবং দেশটিতে প্রবেশের আগে প্রবাসীদের স্বাস্থ্যের অবস্থা আরো ভালোভাবে পরীক্ষা করা।
কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ড. আহমাদ আল-আওয়াধি নতুন এই নিয়ম কার্যকরের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীদের জন্য ক্লিনিক্যাল পরীক্ষা, ল্যাব টেস্ট, এক্স-রে, সংক্রামক রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক টিকার ক্ষেত্রে আরো আধুনিক ও কঠোর মানদণ্ড অনুসরণ করা হবে।
পাশাপাশি বিদেশে থাকা অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর ওপর নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে ভুয়া মেডিকেল রিপোর্ট বা অননুমোদিত কেন্দ্রের মাধ্যমে কেউ সনদ নিতে না পারে।
কর্তৃপক্ষ বলছে, পুরো প্রক্রিয়াকে আরো দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে ইলেকট্রনিক সংযোগও বাড়ানো হয়েছে।কুয়েত সরকার জানিয়েছে, দেশটির স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সংক্রামক রোগের ঝুঁকি কমাতেই এই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশেষ করে যারা নতুন করে কুয়েতে কাজের জন্য যেতে চান, তাদের জন্য মেডিকেল পরীক্ষার নিয়ম আরো কঠোরভাবে প্রয়োগ করা হবে। একই সঙ্গে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করা হবে এবং নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
logo-1-1740906910.png)