মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১০ মে ২০২৬
বাহরাইনে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে মামলা দায়ের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৫:৩৮
বাহরাইন
বাহরাইনে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে মামলা দায়ের
বাহরাইনে কর্মক্ষেত্রে নিরাপত্তা অবহেলার কারণে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় এক বাহরাইনি নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত শ্রমিকের নাম আনোয়ার হোসেন গোলজার। যিনি বাংলাদেশের নাগরিক ছিলেন। ২০২৫ সালের ২৮ মার্চ রাজধানী মানামার আদলিয়া এলাকায় একটি রেস্টুরেন্টের পাশে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় তিনি উপর থেকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তদন্তে উঠে এসেছে, নির্মাণস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি এবং শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ, ঝুঁকি সম্পর্কে সতর্কতা ও নিরাপদভাবে কাজ করার পরিবেশ দেওয়া হয়নি। পুলিশের বরাত দিয়ে নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, সেদিন সকাল সাড়ে ১১টার দিকে উম্ম আল হাসাম থানার অপারেশন রুমে দুর্ঘটনার খবর আসে। পরে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় অভিযুক্ত বাহরাইনি ব্যক্তির বিরুদ্ধে কর্মক্ষেত্রে অবহেলার অভিযোগ আনা হয়েছে। আদালতে মামলার পরবর্তী শুনানি শেষে আগামী ২৪ মে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।
কুয়েত
কুয়েত বিমানবন্দরে সিগারেট পাচারকালে আটক বাংলাদেশি
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেট চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি ক্লিনার এবং দুই কুয়েতি কাস্টমস ইন্সপেক্টরকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। কুয়েতের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন ও কাস্টমস প্রশাসনের যৌথ অভিযানে এই চক্রের সদস্যদের আটক করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর দিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট পাচারের অভিযোগ পাওয়ার পর দীর্ঘদিন ধরে গোপনে নজরদারি চালানো হচ্ছিল। তদন্তে উঠে আসে, অভিযুক্তরা নিজেদের দায়িত্বের অপব্যবহার করে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় যাতায়াত করত এবং নিরাপত্তা ও কাস্টমস প্রক্রিয়া এড়িয়ে চোরাচালানের কাজ করত। তদন্তে উঠে আসে, তারা নিজেদের ব্যাংক কার্ড ব্যবহার করে বিমান যাত্রীদের বোর্ডিং পাস ব্যবহার করে ডিউটি ফ্রি শপ থেকে নিষিদ্ধ সিগারেট কিনে তা পাচার করত। পরে বিশেষ অভিযান চালিয়ে চোরাকারবারির সাথে জড়িত এক বাংলাদেশি প্রবাসী ক্লিনার এবং দুই কুয়েতি কাস্টমস কর্মকর্তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় আরো কয়েকজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর ও সীমান্তপথে চোরাচালান রোধে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে এবং কেউ আইনের অপব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি আরব
অবৈধ অভিবাসন অভিযানে গ্রেপ্তার ১১ হাজার অবৈধ প্রবাসী
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে গত সপ্তাহে ১১ হাজার ১৭৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে এসব অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ হাজার ১৫৩ জন আবাসন আইন, ১ হাজার ৪০৩ জন শ্রম আইন এবং ৩ হাজার ৬১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরো ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন ও সহায়তা দেওয়ার অভিযোগে আরো ১৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি কর্তৃপক্ষ আরো জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ১১ হাজার ২৭২ জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৯ হাজার ৪৪১ জনকে তাদের দূতাবাসের মাধ্যমে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে এবং আরো ৩ হাজার ৯৮৬ জনের ভ্রমণ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। বর্তমানে ২৮ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ঈদুল আজহার দিন তারিখ জানাল জ্যোতির্বিদরা
সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল আজহা ও ছুটির সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে ২৭ মে বুধবার।
জিলহজ মাসের চাঁদ ১৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে ১৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সেই হিসাবে আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে এবং তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছয় দিনের দীর্ঘ ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দেশটির নাগরিক ও প্রবাসীরা আগেভাগেই ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান ও ঈদের প্রস্তুতি শুরু করেছেন। বিশেষ করে আরাফাতের দিন ও ঈদের সরকারি ছুটিকে ঘিরে বিভিন্ন পর্যটন কেন্দ্র, হোটেল ও বিমান টিকিটের চাহিদাও বাড়তে শুরু করেছে বলে জানানো হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, ইসলামিক ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারিখ এদিক ওদিক হতে পারে। তবুও বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ঈদুল আজহা মে মাসের শেষ সপ্তাহেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ওমান
ওমানে অভিবাসন আইন লঙ্ঘনে আটক ৪৭ প্রবাসী
ওমানের সাউথ আল বাতিনাহ এলাকায় অবৈধ অবস্থান ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৪৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ওমানের রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, সাউথ আল বাতিনাহ গভর্নরেট পুলিশ কমান্ড ও ওয়াদি আল মাওয়িল স্পেশাল টাস্ক ইউনিটের যৌথ অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আফ্রিকান ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিরা শ্রম ও আবাসন আইন ভঙ্গের পাশাপাশি অবৈধভাবে দেশে প্রবেশের সঙ্গেও জড়িত ছিলেন। গোপন তথ্য ও নজরদারির ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের শনাক্ত করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ দেশটির নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, অবৈধ শ্রমিক বা আইন লঙ্ঘনকারীদের সঙ্গে কোনো ধরনের লেনদেন না করতে এবং এ ধরনের তথ্য জানলে দ্রুত নিকটস্থ পুলিশ স্টেশন বা সরকারি অনলাইন প্ল্যাটফর্মে জানাতে। একই সঙ্গে দেশটিতে অবৈধ অনুপ্রবেশ, শ্রম আইন ভঙ্গ ও আবাসন নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
logo-1-1740906910.png)