মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৯ মে ২০২৬
বাহরাইনে আসছে গরম আবহাওয়া, তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৬:৫৮
বাহরাইন
বাহরাইনে আসছে গরম আবহাওয়া, তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি
বাহরাইনে আসতে যাচ্ছে গরমের দিন। মে মাসের দ্বিতীয় সপ্তাহটির শুরুটা তুলনামূলক স্বস্তিদায়ক হলেও আবহাওয়ার পূর্বাভাস বলছে ভিন্ন কথা। পূর্বাভাসে বলা হয়েছে, আসছে কয়েক দিনে দেশটিতে তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাবে এবং ১৩ মে বুধবার নাগাদ তা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বাহরাইনের আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিনের বেলায় তীব্র গরমের পাশাপাশি আর্দ্রতাও বাড়তে পারে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে অস্বস্তি তৈরি করতে পারে। বিশেষ করে খোলা স্থানে কাজ করা শ্রমিক ও বাইরে চলাচলকারীদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। সাথে পানি রাখা, নিয়মিত পানি খাওয়া ও রোদ সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। ঠান্ডা বাতাস ও তুলনামূলক সহনীয় আবহাওয়া থেকে বাহরাইন ধীরে ধীরে তীব্র গ্রীষ্মের দাবদাহে প্রবেশ করতে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের চলমান গরম মৌসুমেরই শুরুরই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কুয়েত
কুয়েতে পথঘাটে অস্থায়ী দোকানে অভিযানে প্রবাসীরা আটক
কুয়েতের মাহবুলা এলাকায় পথঘাটে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকান ও স্টলের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনী। অভিযানে বিভিন্ন দেশের ১০ প্রবাসীকে আটক করা হয়েছে। ৮ মে শুক্রবার পরিচালিত এই অভিযানে মাহবুলার তিনটি আলাদা এলাকায় থাকা অবৈধ স্টলগুলোতে অভিযান চালানো হয়। সেখানে অনুমতি ছাড়া খাবার, আনাজপাতি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছিল বলে কর্তৃপক্ষ প্রমাণ পেয়েছে। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, এসব দোকান দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল এবং এ নিয়ে স্থানীয়দের কাছ থেকেও অভিযোগ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্টলগুলো সরিয়ে দেয় এবং জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। আটক ১০ প্রবাসীর মধ্যে দু’জনের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলেও জানা গেছে। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় অবৈধ ব্যবসা, আইন ভঙ্গ ও অনুমতি ছাড়া কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব অভিযান সম্পর্কে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত।
সৌদি আরব
সৌদিতে জটিল অপারেশন, আলাদা হলো যমজ বোন
সৌদি আরবের রাজধানী রিয়াদে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে আলাদা করা হয়েছে তানজানিয়ার জোড়া লাগানো যমজ শিশু ন্যান্সি ও নাইসকে। প্রায় ১৬ ঘণ্টাব্যাপী এই কঠিন অস্ত্রোপচারটি পরিচালনা করেন সৌদি কনজয়েন্ট টুইনস প্রোগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসক দল। কিং আবদুল্লাহ স্পেশালাইজড চিলড্রেনস হাসপাতালে ১০টি ধাপে সম্পন্ন হওয়া এই অপারেশনে ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান অংশ নেন। চিকিৎসকরা জানান, জন্মের পর থেকেই দুই শিশু বুকের নিচের অংশ, পেট ও পেলভিস জোড়া লাগানো অবস্থায় ছিল। এছাড়া তাদের লিভার, বৃহদান্ত্র, মূত্রনালীর কিছু অংশও একত্রিত ছিল। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা মূল্যায়নের পর এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি কনজয়েন্ট টুইনস প্রোগ্রামের প্রধান ডা. আবদুল্লাহ আল-রাবিয়াহ জানান, এটি ছিল তানজানিয়ার যমজ শিশুদের মধ্যে তৃতীয় সফল বিচ্ছিন্নকরণ এবং এই কর্মসূচির অধীনে এখন পর্যন্ত ৭১তম সফল অপারেশন। তিনি সৌদি নেতৃত্বের সহযোগিতা ও মানবিক সহায়তার প্রশংসা করেন। সফল অস্ত্রোপচারের পর শিশু দুটির পরিবার চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তাদের নতুন জীবনের জন্য আশা প্রকাশ করেছে।
ওমান
ওমানে পাহাড়ে বানানো হচ্ছে পর্যটন কমপ্লেক্স
ওমানের রাজধানী মাস্কাটে প্রায় ৫৩ বিলিয়ন দিরহাম ব্যয়ে নতুন একটি বড় পর্যটন কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় আশা করছে, এই নতুন পর্যটন কমপ্লেক্স দেশটির পর্যটন খাতে বড় পরিবর্তন আনবে। “মাস্কাট হিলস” এলাকায় গড়ে তোলা এই আধুনিক প্রকল্পে থাকবে বিলাসবহুল হোটেল, আবাসিক ইউনিট, বিনোদন কেন্দ্র, রেস্টুরেন্ট, শপিং সুবিধা ও পর্যটকদের জন্য আধুনিক অবকাঠামো। ওমান সরকার জানিয়েছে, প্রকল্পটি দেশের পর্যটন শিল্পকে আরো শক্তিশালী করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটি এমনভাবে তৈরি করা হবে, যাতে আধুনিক স্থাপনার সঙ্গে ওমানের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি পরিবেশের সমন্বয় বজায় থাকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই উন্নয়ন প্রকল্প ওমান ভিশন ২০৪০-এর অংশ, যার লক্ষ্য দেশের অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বের করে পর্যটনসহ অন্যান্য খাতকে আরো শক্তিশালী করা। নতুন এই পর্যটন কমপ্লেক্স চালু হলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য মাস্কাটে আরো আকর্ষণীয় পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)