লেবানন প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:৪৫
লেবাননের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার। বিশেষ ব্যবস্থায় বৈধ কাগজপত্রবিহীন প্রবাসীদের জরিমানা মওকুফ করে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে।
৫ মে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে ফিরতে আগ্রহীদের নির্ধারিত ফরম পূরণ করে দূতাবাসে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জেনারেল সিকিউরিটি ফি, ট্রাভেল পারমিট বাবদ নির্ধারিত অর্থ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের পাসপোর্ট, ইকামা, সাফারা কন্ট্রাক্ট বা বিএমইটি কার্ড—এই নথিগুলোর যেকোনো একটির ফটোকপি সঙ্গে আনতে হবে। আগামী রোববার (১০ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দূতাবাসে সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
বর্তমানে লেবাননে লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী অবস্থান করছেন। তবে ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতের পর অনেকেই নিরাপত্তা শঙ্কায় ভুগছেন এবং দেশে ফেরার আগ্রহ প্রকাশ করছেন। দূতাবাসের এই উদ্যোগ তাঁদের জন্য একটি বড় স্বস্তি এনে দিয়েছে।
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ অবস্থায় বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা প্রবাসীদের নিরাপদে দেশে ফেরার পথ খুলে দিয়েছে।
logo-1-1740906910.png)