মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৬ মে, ২০২৬
বাহরাইনে বেপরোয়া ড্রাইভিং হত্যার দায়ে প্রবাসীর কারাদন্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৯:২৪
বাহরাইন
বাহরাইনে বেপরোয়া ড্রাইভিং হত্যার দায়ে প্রবাসীর কারাদন্ড
বাহরাইনে এক প্রবাসী ডেলিভারি ড্রাইভারকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির ক্রিমিনাল কোর্ট।একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জন্য অভিযুক্ত তাকে সাত বছরের কারাদণ্ড এবং সাজা শেষে দেশ থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে,অভিযুক্ত ড্রাইভার দেশটির সাহলাহ এলাকায় উল্টো পথে বাইক চালিয়ে দুর্ঘটনা ঘটায়, যার ফলে তিনজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।মৃত প্রবাসীরা যথাক্রমে বাংলাদেশী,ভারতীয় ও পাকিস্তানি। তদন্তে প্রমাণিত হয়েছে যে সেই ড্রাইভার অত্যন্ত অবহেলার সঙ্গে বাইক চালাচ্ছিল এবং দুর্ঘটনার পর আহতদের সহায়তা করতেও চেষ্টা করেনি।এসব কারণেই আদালত তাকে দায়ী করে এই কঠোর শাস্তি প্রদান করেছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাত থেকে হাজার হাজার পাকিস্তানি বহিষ্কার
সংযুক্ত আরব আমিরাতে অভিযানে প্রায় ১৫ হাজার পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে বলে।মিডল ইস্ট আই এর খবরে বলা হয়েছে,অনেককেই কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ করে আটক করা হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই দেশে পাঠিয়ে দেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে অনেকেই দাবি করেছেন, তাদের কর্মস্থল, বাসা বা জনসমাগমস্থল থেকে তুলে নেওয়া হয় এবং বিভিন্ন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়, যেখানে তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হন।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—অনেককে তাদের ব্যাংকে থাকা সঞ্চিত অর্থ তোলার সুযোগ না দিয়েই দেশে পাঠানো হয়েছে, ফলে তারা প্রায় খালি হাতে ফিরে গেছেন । মিডল ইস্ট আইয়ের খবরে আরো বলা হয়েছে, এই অভিযানে শিয়া সম্প্রদায়ের লোকজন বেশি প্রভাবিত হয়েছেন এবং এটি একটি সংগঠিত অভিযান হতে পারে বলে অভিযোগ উঠেছে । এ ঘটনাগুলো এমন এক সময় ঘটছে, যখন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। হঠাৎ করে হাজার হাজার শ্রমিক দেশে ফিরে যাওয়ায় তাদের পরিবার ও দেশের অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে, কারণ এই শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স অনেক পরিবারের প্রধান আয়ের উৎস ছিল।
সৌদি আরব
সৌদিতে হজযাত্রীদের জরুরি টীকা নিতে নির্দেশনা
সৌদি আরব দেশটির হজযাত্রীদের জন্য নতুন স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে।নির্দেশনায় বলা হয়েছে,হজ মৌসুম শুরুর সর্বোচ্চ ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় সব টিকা নিতে হবে।সৌদি আরব-এর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে নয়, বরং হজের ঠিক আগে এই সময়সীমার মধ্যে টিকা নেওয়া বাধ্যতামূলক, যাতে টিকার কার্যকারিতা সর্বোচ্চ থাকে । হজে অংশ নিতে হলে বিশেষ করে মেনিনজাইটিস, কোভিড-১৯ এবং মৌসুমি ফ্লুর মতো গুরুত্বপূর্ণ টিকা নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে, কারণ লাখো মানুষের সমাগমে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, প্রয়োজনে একাধিক টিকা একসঙ্গে বা আলাদাভাবে নেওয়া যেতে পারে, এবং এই টিকাগুলো নেওয়ার জন্য নির্ধারিত স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। বিশেষজ্ঞদের মতে, এই নিয়মের মূল লক্ষ্য হলো হজের সময় সংক্রামক রোগের বিস্তার কমানো এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লির স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা।তাই হজে যেতে ইচ্ছুক সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে টিকা নেওয়া এবং স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
কুয়েত
কুয়েতে ভুমিকম্প জনমনে আতংক
কুয়েতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।গেল মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২৭ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে আরব টাইমসের খবরে বলা হয়েছে।কম্পনের ফলে নাগরিক বাসিন্দারা আতংকিত হয়ে ওঠেন।আল আহমাদি এলাকার আশেপাশের বিভিন্ন এলাকায় বেশ কিছু ভবন হালকা কেঁপে ওঠার খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল প্রায় ৪.২ থেকে ৪.৪ রিখটার স্কেলে এবং এর কেন্দ্রস্থল মাটির প্রায় ৫৫ কিলোমিটার গভীরে।শুয়াইক ও ফারওয়ানিয়া এলাকাতেও কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়, তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি । কুয়েত ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক রিসার্চ-এর সিসমিক নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো বিষয়টি যাচাই করছে, এবং কর্তৃপক্ষ এখনো ভূমিকম্পের সঠিক উৎস ও মাত্রা নিশ্চিত করতে বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে । বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের মাঝারি মাত্রার ভূকম্পন সাধারণত বড় ধরনের ক্ষতির কারণ হয় না, তবে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ওমান
ওমানে চুরির অভিযোগে একাধিক এশিয়ান আটক
ওমানের রাজধানী মাসকাট-এর বাউশার এলাকার একাধিক বাসা বাড়িতে চুরির ঘটনায় চারজন এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজনরা মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর-এ আসার পর থেকেই তাদের গতিবিধির ওপর নজরদারি শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে তাদের চলাফেরা পর্যবেক্ষণ করা হয়।পরে যখন তারা একটি খালি বাড়িতে ঢুকে গোল্ড সহ মূল্যবান জিনিসপত্র চুরি করছিল,তখন বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।তদন্তে আরো জানা গেছে,এই চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে এমন বাড়িগুলোকে টার্গেট করত যেগুলো খালি বা বাসিন্দারা বাইরে আছে বলে নিশ্চিত ছিল, এরপর সুযোগ বুঝে চুরি করত।পুলিশ আরও জানিয়েছে,একই কৌশলে তারা একাধিক বাসায় চুরি করেছে এবং এসব ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং উদ্ধার হওয়া চুরি করা মালামালও যাচাই করে দেখা হচ্ছে।আটককৃতরা এশিয়ান হলেও কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানা যায় নি।এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে,বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য বাড়ি ফাঁকা রেখে গেলে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে, কারণ এ ধরনের অপরাধচক্র সাধারণত অরক্ষিত বা খালি বাসাকেই টার্গেট করে থাকে।
logo-1-1740906910.png)