Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে বাংলাদেশি খাদ্য পণ্যের বাজার বাড়াতে জেদ্দায় কনস্যুলেটের বিশেষ সভা

আবুল বশির, সৌদি আরব

আবুল বশির, সৌদি আরব

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৯:১৯

সৌদিতে বাংলাদেশি খাদ্য পণ্যের বাজার বাড়াতে জেদ্দায় কনস্যুলেটের বিশেষ সভা

সৌদি আরবের বাজারে বাংলাদেশি খাদ্য পণ্যের বাজার সম্প্রসারণ এবং আমদানি প্রক্রিয়া সহজতর করতে জেদ্দায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

“বাংলাদেশি খাদ্য পণ্যের বাজার সম্প্রসারণ ও সরবরাহ ব্যবস্থা আধুনিকায়ন” শীর্ষক এই সভায় প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল মো: সাখাওয়াত হোসেন। কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় সভায় দেশীয় পণ্যের ব্র্যান্ডিং ও লজিস্টিকস সমস্যা সমাধানে করণীয় বিষয়ে ব্যবসায়ীগণ আলোচনা করেন। 

সৌদি আরবের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের শক্তিশালী অবস্থান তৈরি করতে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এই আয়োজন। মঙ্গলবার বিকেলে আয়োজিত এই সেমিনারে যোগ দেন জেদ্দা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের শীর্ষস্থানীয় বাংলাদেশি ও সৌদি আমদানিকারক ও ব্যবসায়ীরা।

প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল বলেন, সৌদি আরবে বসবাসরত ৩০ লাখ বাংলাদেশির পাশাপাশি এখন মূলধারার সৌদি গ্রাহকদের কাছেও দেশীয় খাদ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে ।

সভায় ব্যবসায়ীরা রপ্তানি বৃদ্ধিতে বেশ কিছু সমস্যা বিশেষত খাদ্যপণ্য রপ্তানিতে প্রণোদনা বৃদ্ধি, বিমানে যুক্তিসঙ্গত ভাড়ায় দ্রুত পণ্য প্রেরণ, এবং বন্দরের শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার বিষয় তুলে ধরেন।

কনসাল জেনারেল এসকল সমস্যা নিরসনে ও ভিশন ২০৩০-এর সাথে তাল মিলিয়ে আধুনিক প্যাকেজিং ও এসএফডিএ (SFDA) নীতিমালা অনুসরণের অনুরোধ জানান এবং কনস্যুলেট হতে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, গুণগত মান বজায় রেখে সরবরাহ চেইন আধুনিকায়ন করা গেলে সৌদি বাজারে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি পণ্য আরও শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। বিশেষ করে দ্রুত চলমান ভোগ্যপণ্য বা এফএমসিজি, হিমায়িত মাছ ও কনফেকশনারি আইটেমগুলো সৌদির বড় বড় সুপারশপে পৌঁছে দেওয়াই এখন মূল লক্ষ্য। বিদেশের মাটিতে দেশীয় পণ্যের ব্র্যান্ডিংয়ে কনস্যুলেটের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা।

Logo