কুয়েত সরকার তরুণদের বিয়ের খরচ সামলাতে অনুদান খাতে বরাদ্দ বাড়িয়েছে। নতুন অর্থবছর ২০২৬-২৭ এ এই খাতে বরাদ্দ হয়েছে ১৯ মিলিয়ন দিনার, যা আগের বছরের তুলনায় ৫ মিলিয়ন বেশি। শীর্ষ নিউজ পোর্টাল আরব টাইমস বলছে, গত অর্থবছরে এ খাতে ব্যয় ছিল ১৪ মিলিয়ন দিনার।
সরকারি নিয়ম অনুযায়ী, প্রতি দম্পত্তিকে ৪,০০০ দিনার অনুদান দেওয়া হয়। আবেদনকারীদের নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হয় এবং শর্ত পূরণ করলেই অনুদান বিতরণ করা হয়। ফলে এটি শুধু প্রতিশ্রুতি নয়, বরং বাস্তব সহায়তা হিসেবে তরুণদের কাছে পৌঁছাচ্ছে।
কুয়েত সরকার এ অনুদানকে সামাজিক সুবিধা খাতের অংশ হিসেবে বিবেচনা করছে। এর মূল উদ্দেশ্য হলো তরুণদের বিয়ের খরচের চাপ কমানো, পরিবার গঠনের প্রাথমিক পর্যায়ে আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজে স্থিতিশীলতা ও সংহতি বাড়ানো।
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশে বিয়ের খরচ তরুণদের জন্য বড় চাপ হয়ে দাঁড়ায়। কুয়েতে এই অনুদান তরুণদের উৎসাহিত করছে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে। তরুণরা মজা করে বলছেন, “এখন প্রেমের প্রস্তাব দেওয়ার আগে বাজেটের খবর দেখে নিতে হয়।”
গত বছর প্রায় ৩,৫০০ দম্পত্তি এ অনুদান পেয়েছেন। এ বছর সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ফলে বাজেট বৃদ্ধি তরুণদের মুখে হাসি এনে দিয়েছে।
কুয়েতের নতুন বাজেটে বিয়ের অনুদান খাতে ব্যয় বৃদ্ধি শুধু আর্থিক সহায়তা নয়, বরং সামাজিক স্থিতিশীলতা ও পরিবার গঠনে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। আর তরুণদের মুখে হাসি এনে দিয়েছে—প্রেমের খরচ এখন সরকারের খাতায়।
logo-1-1740906910.png)