হজে অনিয়মকারীদের জন্য কঠোর শাস্তির ঘোষণা সৌদি আরবের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:২৮
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ মৌসুমে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যারা অনুমতি ছাড়া হজ পালন করতে চেষ্টা করবেন বা হজের জন্য নির্ধারিত এলাকায় প্রবেশ করবেন, তাঁদের সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা, দেশ থেকে বহিষ্কার এবং আগামী ১০ বছর সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হবে।
সৌদি গ্যাজেটের প্রকাশিত প্রতিবেদন বলছে, এই শাস্তিমূলক ব্যবস্থা ১৮ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এর উদ্দেশ্য হলো হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পবিত্র হজের শৃঙ্খলা বজায় রাখা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা সৌদি আরবে বসবাস করছেন এবং অনুমতি ছাড়া হজ পালন করতে চেষ্টা করবেন, তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে আগামী এক দশক তাঁদের সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ থাকবে।
কর্তৃপক্ষ নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, তাঁরা যেন হজের নিয়ম মেনে চলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করেন। পাশাপাশি জনগণকে অনুরোধ করা হয়েছে, কেউ নিয়ম ভঙ্গ করলে তা দ্রুত জানাতে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে এ ধরনের অভিযোগ জানানোর জন্য ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করার নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি সরকার বলছে, হজ মৌসুমে লাখো মানুষের সমাগম হয়। তাঁদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ অপরিহার্য। এ কারণে অনুমতি ছাড়া হজ পালন বা হজের এলাকায় প্রবেশের চেষ্টা করলে কঠোর শাস্তি দেওয়া হবে।
logo-1-1740906910.png)