ওমানে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে ফ্যাটি লিভার সমস্যা।দেশটির চিকিৎসকরা বলছেন, এই রোগ এখন আগের তুলনায় অনেক বেশি মানুষের মধ্যে দেখা যাচ্ছে, যা একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকির সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।
ফ্যাটি লিভার মূলত তখন হয়, যখন লিভারের ভেতরে অতিরিক্ত চর্বি জমা হয়। প্রথমে এটি খুব বেশি লক্ষণ প্রকাশ করে না, তাই অনেকে বুঝতেই পারেন না যে তারা এই সমস্যায় আক্রান্ত। কিন্তু সময়ের সাথে সাথে এটি গুরুতর লিভার জটিলতা, এমনকি লিভার ফেইলিওরের ঝুঁকিও তৈরি করতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ওমানে এই রোগ বাড়ার প্রধান কারণ হলো অনিয়মিত জীবনযাপন, বেশি ফাস্টফুড খাওয়া, শারীরিক পরিশ্রম কমে যাওয়া এবং মুটিয়ে যাওয়ার হার বেড়ে যাওয়া। বিশেষ করে তরুণদের মাঝে অতিরিক্ত সময় বসে থাকার অভ্যাস এই ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে।
ওমান অবজারভারের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ওমানেও ডায়াবেটিস ও স্থূলতা বাড়ার কারণে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রেই এই রোগ যখন ধরা পড়ে, ততক্ষণে ক্ষতির পরিমাণ অনেকটাই মারাত্মক আকার ধারণ করে।
চিকিৎসকরা বলছেন, শুরুতেই সচেতনতা ও জীবনধারা পরিবর্তনই সবচেয়ে কার্যকর উপায়। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, ওজন নিয়ন্ত্রণ এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা করলে এই রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
logo-1-1740906910.png)