আবুধাবিতে বেপরোয়া ড্রাইভিং, আবারো কঠোর সতর্কবার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ২১:১৯
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অমনোযোগী ড্রাইভিংয়ের বিরুদ্ধে আবারো কঠোর বার্তা দিয়েছে ট্রাফিক পুলিশ। ড্রাইভিংয়ের সময় অমনোযোগী হওয়া বা ড্রাইভিং করতে করতে অন্য কাজ করাকে এখন গুরুতর অপরাধ হিসেবে ধরা হচ্ছে।
বিশেষ করে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আচরণগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ ড্রাইভিংয়ের সময়ে অমনোযোগী হলে এক মুহূর্তেই দুর্ঘটনা ঘটে প্রাণহানিসহ যানমালের ক্ষতির নিশ্চিত আশঙ্কা থাকে।
তাই ড্রাইভিংয়ের সময় ফোন ব্যবহার, সোশ্যাল মিডিয়া দেখা, কল করা বা অন্য যে কোনো ধরনের বিভ্রান্তিকর কাজ কঠোরভাবে নিষিদ্ধ।এই নিয়ম ভাঙলে চালকদের ওপর ৪০০ থেকে ৮০০ দিরহাম পর্যন্ত জরিমানা আরোপ করা হবে, পাশাপাশি লাইসেন্সে যুক্ত হবে ব্ল্যাক পয়েন্ট। কিছু ক্ষেত্রে এটি আরো কঠোর শাস্তির দিকে যেতে পারে, যদি দুর্ঘটনা ঘটে।
বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক সড়কে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো ড্রাইভারের অমনোযোগ। তাই আবুধাবি পুলিশ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্যামেরা এবং স্মার্ট মনিটরিং সিস্টেম ব্যবহার করে এই ধরনের অপরাধ শনাক্ত করছে।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, তাদের লক্ষ্য শুধু জরিমানা দেওয়া নয়, বরং রাস্তায় মানুষের জীবন রক্ষা করা। কারণ এক সেকেন্ডের অসতর্কতা শুধু একজন চালক নয়, অন্য অনেক নিরীহ মানুষের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
logo-1-1740906910.png)