Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২ মে ২০২৬

বাহরাইনে ডাকাতির চেষ্টা, এক এশিয়ান আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১৫:৪২

বাহরাইনে ডাকাতির চেষ্টা, এক এশিয়ান আটক

বাহরাইন

বাহরাইনে ডাকাতির চেষ্টা, এক এশিয়ান আটক

বাহরাইনের রাজধানী গভর্নরেটে ডাকাতির চেষ্টার ঘটনায় এক এশীয় নাগরিককে আটক করার নির্দেশ দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন। ওই এশীয়র বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা করেন। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে দুই কর্মচারীকে হুমকি দিয়ে নগদ অর্থ দাবি করেন। তবে প্রতিষ্ঠানের কর্মীরা পরিস্থিতি দ্রুত সামাল দিতে গিয়ে ইমার্জেন্সি অ্যালার্ম চালু করে দেয়। ফলে অভিযুক্ত কোনো টাকা পয়সা নিতে না পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনকে শনাক্ত করে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে অভিযোগ স্বীকার করে নেয়। তবে অভিযুক্ত এশিয়ার কোন দেশের নাগরিক, তা জানায়নি পুলিশ।

এদিকে, বাহরাইনে আরেক ঘটনায় মানামায় পুলিশি অভিযানে প্রায় ৮ হাজার বাহরাইনি দিনার মূল্যের চুরি যাওয়া মূল্যবান উদ্ধার করা হয়েছে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, চুরির ঘটনায় দ্রুততম সময়ের মধ্যেই এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। 


কুয়েত

কুয়েতে চুরির ঘটনায় বাংলাদেশি গ্যাং আটক

কুয়েতের ফারওয়ানিয়া গভর্নরেটে বাসযাত্রীদের কাছ থেকে একের পর এক চুরির ঘটনায় তিন সদস্যের এক বাংলাদেশি গ্যাংকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই চক্রটি বিভিন্ন সময়ে পাবলিক বাসে যাত্রীদের ব্যাগ, মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করছিল।আরব টাইমস অনলাইনের খবরে বলা হয়েছে, একটি বাস কোম্পানির টিকিট পরিদর্শক একাধিক চুরির বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই জয়নব আল-শুউখ পুলিশ স্টেশন তদন্ত শুরু করে এবং সন্দেহভাজনদের নজরদারিতে রাখে। পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তদন্তে দেখা যায়, তারা পরিকল্পিতভাবে বাসে যাত্রী সেজে উঠে সুযোগ বুঝে চুরি করত। অভিযানের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া নগদ অর্থও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রুটে এই ধরনের অপরাধ চালিয়ে আসছিল।

 

সৌদি আরব

সৌদিতে হজযাত্রীদের জন্য বিশেষ পাসপোর্ট সুবিধা 

সৌদি আরবের পাসপোর্ট অথরিটি হজযাত্রীদের দ্রুত সেবা নিশ্চিত করতে বিমানবন্দরে মোবাইল পাসপোর্ট কাউন্টার চালু করেছে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে এখন বিমানবন্দরসহ বিভিন্ন প্রবেশপথে হজযাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া আরো দ্রুত এবং সহজ করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই মোবাইল কাউন্টারগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে যাত্রীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, মুখের ছবি তোলা এবং পাসপোর্ট তথ্য স্ক্যান করা হচ্ছে, যাতে করে পুরো ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন হচ্ছে। এর ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার ঝামেলা অনেকটাই কমে যাচ্ছে, বিশেষ করে বয়স্ক এবং শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত হজযাত্রীদের জন্য এটি বড় ধরনের স্বস্তির বিষয় হয়ে উঠেছে। তারা সহজেই এবং দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন। বিশ্লেষকরা বলছেন, হজের মতো বড় সমাবেশে যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ অংশ নেয়, সেখানে এই ধরনের প্রযুক্তি ব্যবহারে শুধু সময়ই বাঁচে না, বরং পুরো ব্যবস্থাপনা আরো সুশৃঙ্খল ও নিরাপদ হয়। এই উদ্যোগকে সৌদি আরবের আধুনিক হজ ব্যবস্থাপনার আরেকটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। কারণ এটি দেখাচ্ছে, প্রযুক্তি ব্যবহার করে কীভাবে হাজিদের আরো সহজ, দ্রুত এবং মানবিক করা যায়। এই নতুন মোবাইল পাসপোর্ট কাউন্টার শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং এটি হজযাত্রীদের অভিজ্ঞতাকে আরো স্বস্তিদায়ক করেছে। 


সংযুক্ত আরব আমিরাত

আবুধাবিতে বেপরোয়া ড্রাইভিং, আবারো কঠোর সতর্কবার্তা 

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অমনোযোগী ড্রাইভিংয়ের বিরুদ্ধে আবারো কঠোর বার্তা দিয়েছে ট্রাফিক পুলিশ। ড্রাইভিংয়ের সময় অমনোযোগী হওয়া বা ড্রাইভিং করতে করতে অন্য কাজ করাকে এখন গুরুতর অপরাধ হিসেবে ধরা হচ্ছে। বিশেষ করে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আচরণগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ ড্রাইভিংয়ের সময়ে অমনোযোগী হলে এক মুহূর্তেই দুর্ঘটনা ঘটে প্রাণহানিসহ যানমালের ক্ষতির নিশ্চিত আশঙ্কা থাকে। তাই ড্রাইভিংয়ের সময় ফোন ব্যবহার, সোশ্যাল মিডিয়া দেখা, কল করা বা অন্য যে কোনো ধরনের বিভ্রান্তিকর কাজ কঠোরভাবে নিষিদ্ধ।এই নিয়ম ভাঙলে চালকদের ওপর ৪০০ থেকে ৮০০ দিরহাম পর্যন্ত জরিমানা আরোপ করা হবে, পাশাপাশি লাইসেন্সে যুক্ত হবে ব্ল্যাক পয়েন্ট। কিছু ক্ষেত্রে এটি আরো কঠোর শাস্তির দিকে যেতে পারে, যদি দুর্ঘটনা ঘটে।

বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক সড়কে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো ড্রাইভারের অমনোযোগ। তাই আবুধাবি পুলিশ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্যামেরা এবং স্মার্ট মনিটরিং সিস্টেম ব্যবহার করে এই ধরনের অপরাধ শনাক্ত করছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, তাদের লক্ষ্য শুধু জরিমানা দেওয়া নয়, বরং রাস্তায় মানুষের জীবন রক্ষা করা। কারণ এক সেকেন্ডের অসতর্কতা শুধু একজন চালক নয়, অন্য অনেক নিরীহ মানুষের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।


ওমান

ওমানে বাড়ছে ফ্যাটি লিভার সমস্যা

ওমানে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে ফ্যাটি লিভার সমস্যা।দেশটির  চিকিৎসকরা বলছেন, এই রোগ এখন আগের তুলনায় অনেক বেশি মানুষের মধ্যে দেখা যাচ্ছে, যা একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকির সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। ফ্যাটি লিভার মূলত তখন হয়, যখন লিভারের ভেতরে অতিরিক্ত চর্বি জমা হয়। প্রথমে এটি খুব বেশি লক্ষণ প্রকাশ করে না, তাই অনেকে বুঝতেই পারেন না যে তারা এই সমস্যায় আক্রান্ত। কিন্তু সময়ের সাথে সাথে এটি গুরুতর লিভার জটিলতা, এমনকি লিভার ফেইলিওরের ঝুঁকিও তৈরি করতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ওমানে এই রোগ বাড়ার প্রধান কারণ হলো অনিয়মিত জীবনযাপন, বেশি ফাস্টফুড খাওয়া, শারীরিক পরিশ্রম কমে যাওয়া এবং মুটিয়ে যাওয়ার হার বেড়ে যাওয়া। বিশেষ করে তরুণদের মাঝে অতিরিক্ত সময় বসে থাকার অভ্যাস এই ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে। ওমান অবজারভারের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ওমানেও ডায়াবেটিস ও স্থূলতা বাড়ার কারণে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রেই এই রোগ যখন ধরা পড়ে, ততক্ষণে ক্ষতির পরিমাণ অনেকটাই মারাত্মক আকার ধারণ করে। চিকিৎসকরা বলছেন, শুরুতেই সচেতনতা ও জীবনধারা পরিবর্তনই সবচেয়ে কার্যকর উপায়। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, ওজন নিয়ন্ত্রণ এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা করলে এই রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

Logo