মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩০ এপ্রিল ২০২৬
বাহরাইনে ডেলিভারি ড্রাইভার বাড়ায় প্রশ্ন উঠল সংসদে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২১:০০
বাহরাইন
বাহরাইনে ডেলিভারি ড্রাইভার বাড়ায় প্রশ্ন উঠল সংসদে
বাহরাইনে বেড়ে যাওয়া ডেলিভারি ড্রাইভারদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কিছু সাংসদ। সংসদ চলাকালে পাঁচজন সংসদ সদস্য দেশটিতে দ্রুত সম্প্রসারিত ডেলিভারি রাইডার খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি পূর্ণাঙ্গ সরকারি গবেষণা চালানোর আহ্বান জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত সংখ্যক ডেলিভারিচালক বাজারের ভারসাম্য নষ্ট করতে পারে এবং শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পার্লামেন্টে জমা দেওয়া প্রস্তাবে তারা এ খাতে মোট কতজন চালক প্রয়োজন, লাইসেন্সিং ব্যবস্থা, কর্মসংস্থানের ধরন এবং প্রকৃত ভোক্তা চাহিদা বিশ্লেষণের ওপর গুরুত্ব দিয়েছেন, যাতে সঠিক তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় নীতিনির্ধারণ করা যায়।
সংসদ সদস্যদের মতে, সঠিক পরিসংখ্যান ছাড়া এই খাত পরিচালিত হলে স্থানীয় নাগরিক ও প্রবাসী শ্রমিকদের মধ্যে কর্মসংস্থানের ভারসাম্য বিঘ্নিত হতে পারে এবং সেবার মানও কমে যেতে পারে। তারা আরো বলেন, এই গবেষণার মাধ্যমে লাইসেন্সিং নীতিমালা আরো স্পষ্ট করা, কর্মী সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং খাতটির সার্বিক তদারকি জোরদার করা সম্ভব হবে, যা ভবিষ্যতে বাজার স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সৌদি আরব
সৌদিতে হজ উপলক্ষে কর্মীদের বিশেষ সুবিধা
সৌদি আরবে কর্মরত কর্মীদের জন্য হজ পালনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ থেকে ১৫ দিনের বেতনসহ ছুটির নিয়ম ঘোষণা করা হয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এই ছুটির মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে এই সুবিধা পেতে হলে কর্মীকে একই প্রতিষ্ঠানে টানা অন্তত দুই বছর কাজ করতে হবে এবং এই ছুটি পুরো চাকরিজীবনে শুধু একবারই কাটানো যাবে। অর্থাৎ কোনো কর্মী আগে হজ পালন করে থাকলে এই ছুটি তার জন্য প্রযোজ্য হবে না। পাশাপাশি নিয়োগকর্তা প্রতিষ্ঠান তাদের কাজের প্রয়োজন অনুযায়ী প্রতি বছর কতজন কর্মীকে এই ছুটি দেওয়া হবে, তাও নির্ধারণ করতে পারবে, যাতে কাজের ধারাবাহিকতা বজায় থাকে। কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য সৌদি গেজেট জানিয়েছে, এই নিয়মের মাধ্যমে কর্মীদের ধর্মীয় দায়িত্ব ও আচার বিধি পালনের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রের ভারসাম্যও বজায় রাখা হবে।
কুয়েত
কুয়েতে ভুয়া ওয়েবসাইট, সতর্ক করল দেশটির কেন্দ্রীয় ব্যাংক
কুয়েতে ভুয়া সরকারি ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ব্যাপারে জনসাধারণকে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, ভুয়া সরকারি ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় বেড়েই চলেছে। আরব টাইমস অনলাইনের খবরে বলা হয়েছে, প্রতারক চক্রগুলো বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে “অভিযোগ জমা” বা সেবার কথা বলে সন্দেহজনক লিংকের মাধ্যমে মানুষকে অচেনা ওয়েবসাইটে প্রবেশ করাচ্ছে, যার মূল উদ্দেশ্য ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করা। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে নাগরিক ও বাসিন্দাদের শুধু যাচাইকৃত সরকারি ওয়েবসাইট ও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে এবং কোনো অজানা লিংকে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে।কর্তৃপক্ষ আরো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সরকারি প্রতিষ্ঠানের পরিচয়ে সাইবার প্রতারণার ঘটনা বেড়েছে, তাই অনলাইনে কোনো সংবেদনশীল তথ্য শেয়ার করার আগে তার উৎস ভালোভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও সতর্ক থাকা উচিত।
logo-1-1740906910.png)