বাহরাইনে মশার বিস্তার নিয়ন্ত্রণে দেশজুড়ে জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির সব গভর্নরেটে চলছে নিয়মিত পরিদর্শন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক স্প্রে কার্যক্রম।
কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, এই উদ্যোগগুলোর মূল লক্ষ্য হলো মশার বিস্তার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। তবে শুধু সরকারি পদক্ষেপেই এই সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব নয়। সাধারণ মানুষের ভূমিকা মশা দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ বলছে, নাগরিক বাসিন্দাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে। বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলা, ফুলের টব, ছাদ, ড্রেন, গাড়ির টায়ার বা পুরনো পাত্রে জমে থাকা পানি পরিষ্কার রাখার মতো অভ্যাস মশার এমন বিস্তার রোধে অত্যন্ত কার্যকর। কারণ এই জমে থাকা পানিই মশার বংশবিস্তারের সবচেয়ে বড় উৎস।
বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বাড়ানো এবং সবাই মিলে যৌথভাবে কাজ করলেই মশার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই দেশটির নাগরিক বাসিন্দাদের নিজের পরিবার এবং আশপাশের সবার নিরাপত্তার জন্য সচেতন থাকতে আহ্বান জানানো হয়েছে।
logo-1-1740906910.png)