Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৯ এপ্রিল ২০২৬

বাহরাইনে সার্বিক নিরাপত্তার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৯:৪৯

বাহরাইনে সার্বিক নিরাপত্তার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ

বাহরাইন

বাহরাইনে সার্বিক নিরাপত্তার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ 

বাহরাইনের সার্বিক স্বার্থ ও স্থিতিশীলতা বজায় রাখতে সব নাগরিক ও প্রবাসীদের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেখানে সবাইকে দায়িত্বশীল আচরণ, আইন মেনে চলা এবং রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি যে কোনো কার্যক্রম বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের বৃহত্তর কল্যাণকে গুরুত্ব দেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে, যাতে সম্মিলিতভাবে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখা সম্ভব হয়। রাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর বলে বিবেচিত যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সতর্কতায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা, স্থিতিশীলতা ও জনস্বার্থের পরিপন্থি কোনো কার্যকলাপ সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সব নাগরিক ও বাসিন্দাদের দায়িত্বশীল আচরণ করা, আইন মেনে চলা এবং রাষ্ট্রের সার্বিক স্বার্থ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকে।

এরই মধ্যে ইরান সংশ্লিষ্ট হামলার প্রতি সমর্থন দেওয়ার অভিযোগে ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির হাই ক্রিমিনাল কোর্ট। অভিযুক্তদের ৫ থেকে ১০ বছর পর্যন্ত সাজা দেওয়া হয়েছে এবং একই ঘটনায় আরো একজনকে ১ বছরের কারাদণ্ড ও জরিমানাও করা হয়েছে। পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, সাইবার ক্রাইম ইউনিটের তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত একাধিক অ্যাকাউন্ট যেগুলোতে এসব হামলা সমর্থন করে পোস্ট দেওয়া হয়েছে, তা শনাক্ত করে অভিযুক্তদের আটক ও সাজা প্রদান করা হয়।


কুয়েত 

কুয়েতে সড়কের নাম হবে নম্বর দিয়ে

কুয়েতের সড়ক ব্যবস্থাপনায় বড় পরিসরে পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সড়ক ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে দেশটির সরকার ৫৯১টি প্রধান ও উপ-সড়কের নাম বাতিল করে তার পরিবর্তে নম্বর ব্যবহারের কার্যক্রম ইতোমধ্যেই বাস্তবায়ন শুরু করেছে। ২০২৫ সালের মন্ত্রিসভার এক সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। কুয়েত মিউনিসিপ্যালিটির সংশ্লিষ্ট টিম ইতোমধ্যে সড়কের নামফলক সরিয়ে তাতে নম্বর বসানোর কাজ শুরু করেছে। যদিও ৬৬টি গুরুত্বপূর্ণ সড়কের নাম অপরিবর্তিত রাখা হবে এবং আরো ৩টি সড়কের নাম আরব দেশের শহর ও রাজধানীর নামে পরিবর্তন করা হবে। এই সিদ্ধান্তটি দেশটির মিউনিসিপ্যাল কাউন্সিলের অনুমোদনের পরেই গৃহীত হয়।এই সংক্রান্ত সংশ্লিষ্ট কমিটি শহর, এলাকা, সড়ক ও চত্বরের নামকরণ সংক্রান্ত প্রস্তাব পর্যালোচনা করে এ সুপারিশ প্রস্তাব করেছে। নতুন নীতিমালায় বলা হয়েছে, কেবল বিশেষ ক্ষেত্রে; যেমন দেশটির আমির, ক্রাউন প্রিন্স, শাসক, ঐতিহাসিক ব্যক্তিত্ব বা বন্ধুপ্রতিম দেশের রাষ্ট্রপ্রধানদের নামে সড়কের নাম রাখা হবে।এছাড়া দেশ, শহর বা রাজধানীর নামও নির্দিষ্ট শর্তে ব্যবহার করা যাবে, তবে সামগ্রিকভাবে ব্যক্তিনির্ভর নামকরণ কমিয়ে একটি মানসম্মত ও সংখ্যাভিত্তিক সিস্টেম চালু করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা নগর ব্যবস্থাপনা ও নেভিগেশন আরো সহজ করবে বলে আশা করা হচ্ছে।


ওমান

ওমানে বাসাবাড়িতে আগুনের ঝুঁকি বাড়ছে, প্রয়োজন সতর্কতা

ওমানের রাজধানী মাসকাটে ২০২৫ সালে ৬৬১টি আবাসিক অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। দেশটিতে বাসাবাড়িতে আগুন লাগার ঝুঁকি এখনো একটি বড় জননিরাপত্তা উদ্বেগ হিসেবে রয়ে গেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এসব অগ্নিকাণ্ডের বড় একটি অংশ সাধারণত রান্নাঘরের অসতর্কতা, বৈদ্যুতিক ত্রুটি, গ্যাস সিলিন্ডার লিকেজ, ধূমপানের সময় অসতর্কতা এবং শিশুদের নানা বিপজ্জনক সরঞ্জাম নিয়ে খেলার কারণেই ঘটে থাকে, যেখানে সামান্য অসতর্কতাই বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়িতে অগ্নিকাণ্ড প্রতিরোধে নিয়মিত বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা, নিরাপদ যন্ত্রপাতি ব্যবহার, গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা এবং ধোঁয়া শনাক্তকরণ ডিভাইস স্থাপন অত্যন্ত জরুরি। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে জরুরি নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে, যাতে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম দ্রুত পরিচালনা করা যায় এবং সম্পদের ক্ষতি কমানো সম্ভব হয়।

Logo