Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে মে মাস থেকে ভিসা ট্রান্সফার শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৭

কুয়েতে মে মাস থেকে ভিসা ট্রান্সফার শুরু

কুয়েতে প্রবাসী কর্মীদের ভিসা ট্রান্সফার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আগামী মে মাস থেকে। প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফের নির্দেশে জনশক্তি কর্তৃপক্ষ (PAM) এ সিদ্ধান্ত নিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, শিল্প, কৃষি, পশুপালন, মৎস্য এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খাতের কর্মীরা শর্তসাপেক্ষে ভিসা ট্রান্সফারের সুযোগ পাবেন। এ সিদ্ধান্ত কার্যকর থাকবে মে মাসের শুরু থেকে জুন মাসের শেষ পর্যন্ত, অর্থাৎ দুই মাসের জন্য।

জনশক্তি কর্তৃপক্ষের মহাপরিচালক ইঞ্জিনিয়ার রাবাব আল-ওসাইমি জানিয়েছেন, ভিসা ট্রান্সফারের ক্ষেত্রে মূল নিয়োগকর্তার অনুমতি বাধ্যতামূলক। পিএএম কোনো অভিযোগ গ্রহণ করবে না, যদি তা অনুমোদিত খাতের বাইরে হয় বা মূল নিয়োগকর্তার সম্মতি ছাড়া হয়।

তিনি আরো বলেন, বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী সময়সীমা ও শর্তাবলি বহাল থাকবে। এর মাধ্যমে কর্মীদের অধিকার রক্ষা, শ্রমবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং অনিয়ন্ত্রিত ট্রান্সফার ঠেকানো সম্ভব হবে।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে “Ashal/Companies” সার্ভিসের মাধ্যমে। নতুন নিয়োগকর্তারা কর্মীদের নিজেদের নামে ট্রান্সফার করতে চাইলে এই সিস্টেমে আবেদন জমা দিতে হবে। তবে সবকিছুই মূল নিয়োগকর্তার অনুমোদনের ভিত্তিতে সম্পন্ন হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ সিদ্ধান্ত শ্রমবাজারে ভারসাম্য আনার জন্য নেওয়া হয়েছে। এতে কর্মী ও নিয়োগকর্তা উভয়ের স্বার্থ রক্ষা হবে। একই সঙ্গে বিদ্যমান কর্মশক্তিকে সর্বোচ্চভাবে কাজে লাগানো সম্ভব হবে।

কুয়েত সরকার মনে করছে, এ উদ্যোগ শ্রমবাজারে সংস্কার ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সহায়ক হবে। বিশেষ করে বেসরকারি খাত এতে বড় ধরনের সুবিধা পাবে।

Logo