কল্পনার কাহিনী আর গল্পের মতোই সৌদি আরবের দাম্মামে এক বাংলাদেশি পরিবারের বিয়ের আয়োজন দেখল প্রবাসী বাংলাদেশিরা। যেমন ছিল জেল্লা তেমনি ছিল জমক। অনুষ্ঠানে বাংলাদেশিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
সৌদি আরবের দাম্মামে প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী হাতেম বাদশা ও ফরিদ উদ্দিনের সন্তান তানভীর আহমেদ এবং খুলুদ হাতেম বাদশার বিয়ের অনুষ্ঠান হয়ে গেল জমকালো আয়োজনের মধ্য দিয়ে।
বিয়ের এই আড়ম্বরপূর্ণ আয়োজনে প্রায় দুই হাজার অতিথির উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানটি ছিল দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে সাজানো। প্রবাসে থেকেও দেশীয় সংস্কৃতির আবহ ফুটে ওঠে স্পষ্টভাবে।
বাবুর্চি, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্টসহ সব দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরাই। খাবারের মান, পরিবেশন ও সার্বিক ব্যবস্থাপনায় অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, প্রবাসে থেকেও নিজেদের সংস্কৃতি ধরে রাখতে এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে সম্প্রীতি জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপস্থিত অতিথিরা নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান এবং এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন।
logo-1-1740906910.png)