বাহরাইনের শ্রম ও আইন বিষয়ক মন্ত্রী ইউসুফ খালাফ ঘোষণা করেছেন, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শ্রম মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পেশাগত ঝুঁকি কমানো এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার মাধ্যমে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।
বিশ্ব নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে মন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রম আইন সংস্কার এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য মান উন্নয়নের মাধ্যমে একটি টেকসই কর্মপরিবেশ গড়ে তোলা হচ্ছে। তিনি উল্লেখ করেন, শ্রমিকদের সম্ভাব্য দুর্ঘটনা ও পেশাগত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি শ্রমিক সুরক্ষার অন্যতম প্রধান উপাদান।
মন্ত্রী খালাফ বলেন, মানবসম্পদই উৎপাদন প্রক্রিয়ার মূল চালিকা শক্তি। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা এবং ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো উন্নয়নের জন্য অপরিহার্য। তিনি সাম্প্রতিক সময়ে ইরানি হামলার মধ্যেও শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়োগকর্তাদের উদ্যোগের প্রশংসা করেন।
তিনি জানান, বিভিন্ন প্রতিষ্ঠান শ্রমিকদের সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যা জাতীয় দায়িত্ববোধ এবং পেশাগত মানদণ্ডের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। একই সঙ্গে তিনি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সতর্কতা ও দক্ষতার প্রশংসা করেন, যারা জাতীয় নিরাপত্তা রক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মন্ত্রী আরো বলেন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কাউন্সিল কর্মক্ষেত্রে প্রতিরোধ সংস্কৃতি গড়ে তুলতে এবং জাতীয় নীতিমালা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উল্লেখ করেন, নিরাপদ যন্ত্রপাতি ব্যবহার, সুরক্ষা সরঞ্জাম পরিধান এবং নিয়মিত তদারকি ও পরিদর্শন কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব।
শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে অংশীদারিত্ব জোরদার করা হবে এবং আইনগত কাঠামো আধুনিকায়ন করা হবে। এর ফলে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থা আরও কার্যকর হবে।
মন্ত্রী খালাফ বলেন, সর্বোচ্চ মান বজায় রাখতে নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যাতে কর্মক্ষেত্রে নিরাপত্তা সংস্কৃতি আরও দৃঢ় হয় এবং শ্রমিকরা ঝুঁকিমুক্ত পরিবেশে কাজ করতে পারেন।
logo-1-1740906910.png)