মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৭ এপ্রিল ২০২৬
বাহরাইনে শ্রমিক দিবসে এক দিন অতিরিক্ত ছুটি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৬:০৫
বাহরাইন
বাহরাইনে শ্রমিক দিবসে এক দিন অতিরিক্ত ছুটি ঘোষণা
বাহরাইনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ৩ মে রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা এই অতিরিক্ত ছুটির ঘোষণা দিয়েছেন। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, চলতি বছর শ্রমিক দিবস শুক্রবার হওয়ায় কর্মজীবী মানুষের সুবিধার্থে রোববারকে ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা অতিরিক্ত এক দিন ছুটি ভোগের সুযোগ পাবেন। শ্রমজীবী মানুষের অবদানকে স্বীকৃতি জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয় এবং এ দিনটি শ্রমিকদের অধিকার ও অবদানের প্রতি সম্মান প্রদর্শনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রাউন প্রিন্সের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা।
সংযুক্ত আরব আমিরাত
শারজাহতে অনলাইন জালিয়াতি চক্রকে ধরেছে পুলিশ
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে বড় ধরনের একটি অনলাইন জালিয়াতি চক্রকে আটক করেছে শারজাহ পুলিশ। এই চক্রটি বিভিন্ন প্রতারণামূলক কৌশল ব্যবহার করে ৩০ লাখ দিরহামের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানানো হয়েছে। পুলিশের বরাত দিয়ে দ্য গালফ নিউজ জানিয়েছে, এই আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত চারজন আফ্রিকান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের মানুষকে টার্গেট করে প্রতারণা চালাত। তদন্তে জানা গেছে, চক্রটি মূলত দুই ধরনের কৌশল ব্যবহার করত। প্রথমত, ‘ফেক ডেলিভারি স্ক্যাম’, যেখানে তারা নিজেদের শিপিং বা ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে ভুক্তভোগীদের জানাত যে তাদের নামে পার্সেল এসেছে। এরপর কাস্টমস ফি বা অন্যান্য চার্জের অজুহাতে টাকা দাবি করত। এছাড়া তারা আসল কোম্পানির তথ্য ব্যবহার করে প্রতারণাকে আরো বিশ্বাসযোগ্য করে তুলত, ফলে অনেকেই খুব সহজে ফাঁদে পড়তেন। দ্বিতীয় কৌশল ছিল ‘রোমান্স স্ক্যাম’। এতে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রোফাইল তৈরি করে সম্পর্ক গড়ে তুলত এবং পরে নানা অজুহাতে অর্থ হাতিয়ে নিত। পুলিশ আরো জানিয়েছে, এই চক্রটি আন্তর্জাতিকভাবে পরিচালিত হতো। একজন সদস্য দেশের বাইরে থেকে পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করত, আর অন্যরা স্থানীয়ভাবে টাকা সংগ্রহ ও উত্তোলনের কাজ করত।
সৌদি আরব
সৌদি আরব থেকে এক সপ্তাহে ১৭ হাজার অভিবাসী বহিষ্কার
সৌদি আরবে অবৈধ বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযানে গত এক সপ্তাহেই ১৭ হাজার ৩৬৮ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে মোট ১২ হাজার ১৯২ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৬ হাজার ৬০৬ জন আবাসন আইন, ৩ হাজার ৫১০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৭৬ জন শ্রম আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল।
দ্য গালফ নিউজের খবরে আরো বলা হয়েছে, অভিযানের অংশ হিসেবে ২০ হাজারের বেশি প্রবাসীকে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণের কাগজ প্রস্তুতের জন্য। পাশাপাশি ৩৩ হাজারেরও বেশি ব্যক্তি এখনো আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। আটক-বহিষ্কারের তালিকায় ৯৯ শতাংশ প্রবাসীই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। এর মধ্যে বাংলাদেশিরা কেউ আছেন কিনা বা থাকলে কতজন, তা জানানো হয়নি। তবে পুলিশ জানিয়েছে, সৌদিতে অবৈধভাবে প্রবেশ, আশ্রয় বা কাজের সুযোগ করে দিলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
কুয়েত
কুয়েতজুড়ে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
কুয়েতে দেশব্যাপী বেশ বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে কুয়েত মিউনিসিপ্যালিটি। দেশের সব গভর্নরেটজুড়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা চলবে এপ্রিল মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তা দখল, ময়লা ফেলা বা পরিচ্ছন্নতা আইন ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানের মূল লক্ষ্য আবাসিক এলাকাগুলোর পরিচ্ছন্নতা বাড়ানো, পরিবেশের মান উন্নত করা এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করা। এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় ফিল্ড টিম মোতায়েন করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে রাস্তা, আবাসিক এলাকা এবং জনসমাগম বেশি এমন জায়গাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়মকানুন মানা হচ্ছে কিনা, সেটিও তদারকি করা হচ্ছে।বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে, রাস্তার পাশে অবৈধ দখল, অপরিচ্ছন্নতা এবং পরিবেশ দূষণের মতো বিষয়গুলোর দিকে। এছাড়া পরিত্যক্ত গাড়ি, নৌকা এবং স্ক্র্যাপসামগ্রী সরিয়ে ফেলার কাজও চলছে, যাতে শহরের সৌন্দর্য ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
logo-1-1740906910.png)