বাহরাইনে ক্ষতিগ্রস্ত ৭১টি বাড়ি মেরামত করে দিল সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:২০
বাহরাইনে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ৭১টি আবাসিক ইউনিট সম্পূর্ণভাবে মেরামত করা হয়েছে। সরকারের নেতৃত্বে পরিচালিত পুনর্নির্মাণ কর্মসূচির প্রথম ধাপের আওতায় এই কাজ সম্পন্ন হয়েছে।
কর্ম ও আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, মেরামতের মধ্যে রয়েছে আল হিদ্দ হাউজিং সিটিতে ৩০টি ইউনিট, সিত্রায় ১৯টি ইউনিট এবং অন্যান্য এলাকায় ২২টি বাড়ি। সব ধরনের প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রকৌশল কাজ সফলভাবে শেষ হয়েছে।
এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে মহামান্য রাজা হামাদ বিন ইসা আল খলিফার নির্দেশনা এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার আদেশ অনুযায়ী। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর পুনর্নির্মাণের সম্পূর্ণ ব্যয় বহন করা হচ্ছে।
২৬ এপ্রিল কর্মমন্ত্রী ইব্রাহিম আল হাওয়াজ এবং আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রী আমনা আল রোমাইহি মাঠ পরিদর্শনকালে এই ঘোষণা দেন। তারা জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে মেরামত করা হয়েছে।
মন্ত্রী আল হাওয়াজ বলেন, দুই মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে মন্ত্রী আমনা আল রোমাইহি জানান, ক্ষয়ক্ষতির মূল্যায়ন, মেরামত কার্যক্রম, প্রযুক্তিগত সমাধান এবং ক্ষতিপূরণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ধারাবাহিক সমন্বয় চলছে।
তিনি আরো বলেন, বাকি ধাপগুলো দ্রুত শেষ করার জন্য প্রচেষ্টা জোরদার করা হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত তাদের বাড়িতে ফিরতে পারে। ইতোমধ্যে কাজ স্থির গতিতে এগিয়ে চলছে এবং শিগগিরই সব ক্ষতিগ্রস্ত আবাসিক ইউনিট পুনর্নির্মাণ সম্পন্ন হবে।
logo-1-1740906910.png)