Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৬ এপ্রিল ২০২৬

যুদ্ধকালীন ভলান্টিয়ারদের চাকরিতে অগ্রাধিকার দেবে বাহরাইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৫:১৮

যুদ্ধকালীন ভলান্টিয়ারদের চাকরিতে অগ্রাধিকার দেবে বাহরাইন

বাহরাইন

যুদ্ধকালীন ভলান্টিয়ারদের চাকরিতে অগ্রাধিকার দেবে বাহরাইন

বাহরাইনে জাতীয় স্বেচ্ছাসেবক প্ল্যাটফর্মে নিবন্ধিত বেকারদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদে উপস্থাপিত নতুন প্রস্তাবে বলা হয়েছে, যারা সংকটকালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন, তাদের সরকারি ও বেসরকারি খাতে নিয়োগে বিশেষ বিবেচনা করা হবে। প্রস্তাবে বলা হয়েছে, ইরানি হামলার পর চলমান সংকটে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন, তাদের জন্য আনুষ্ঠানিক সনদপত্র দেওয়া হবে। এই সনদপত্র ভবিষ্যতে চাকরির আবেদন ও নিয়োগে সহায়ক হবে। এ প্রস্তাবটি দিয়েছেন এমপি ইমান শুয়াইতার, মোহাম্মদ আল অলাইউই, আব্দুলহাকিম আল শেনো, আব্দুলওয়াহিদ কারাতা ও মোহসেন আল আসবৌল। তারা বলেন, কোভিড-১৯ মহামারির সময় স্বেচ্ছাসেবকদের ভূমিকা থেকে শিক্ষা নিয়ে এবার সংকটকালীন স্বেচ্ছাসেবাকে কাঠামোবদ্ধ কর্মসংস্থানে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, জাতীয় স্বেচ্ছাসেবক প্ল্যাটফর্মে নিবন্ধিতদের উপস্থিতি, দক্ষতা ও কর্মদক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এই তথ্য নিয়োগ প্রক্রিয়ায় ব্যবহার করা হবে। অর্থাৎ, যারা সংকটকালে সামনের সারিতে কাজ করেছেন, তাদের অভিজ্ঞতা চাকরির ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে।


সৌদি আরব

সৌদিতে ১,০৭৭টি চোরাচালান জব্দ, বিপুল মাদক ও নিষিদ্ধ পণ্য উদ্ধার

সৌদি আরবে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৭৭টি চোরাচালানের ঘটনা শনাক্ত ও প্রতিহত করেছে দেশটির জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থল, নৌ ও বিমানবন্দরসহ বিভিন্ন কাস্টমস পয়েন্টে এসব অভিযান পরিচালনা করা হয়। এতে বিপুল পরিমাণ মাদক, নিষিদ্ধ পণ্য এবং অন্যান্য অবৈধ সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩৭ ধরনের মাদকদ্রব্য, ৪৭৫ ধরনের নিষিদ্ধ পণ্য এবং ২ হাজার ১০৩ ধরনের তামাকজাত দ্রব্য। এছাড়া অর্থ পাচার বিষয়ে ২১টি মামলা এবং অস্ত্র সংক্রান্ত ৩টি মামলাও রেকর্ড করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজকে চোরাচালানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার লক্ষ্যে এসব অভিযান অব্যাহত রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, মাদক চোরাকারবারির শাস্তি সৌদিতে ভীষণ কঠিন। ফলে এসব থেকে প্রবাসীদের দূরে থাকা উচিত। 


কুয়েত

কুয়েত এয়ারওয়েজের ঢাকা ফ্লাইট চালু

প্রায় দুই মাস বন্ধ থাকার পর কুয়েত এয়ারওয়েজ ১৭টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। প্রাথমিকভাবে কুয়েত থেকে সরাসরি বিমান যাবে ঢাকাতেও। ঢাকা ছাড়াও লন্ডন, ইস্তাম্বুল, রিয়াদ, জেদ্দা, কায়রো, মুম্বাই, দিল্লি, ম্যানিলা ও কলম্বোতে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ এপ্রিল থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ থেকে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। ধাপে ধাপে ফ্লাইট চালুর মাধ্যমে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে চায় দেশটির বিমান খাত। কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন গন্তব্যে ফ্লাইটের সংখ্যা ভিন্ন ভিন্ন হবে। কিছু রুটে সপ্তাহে একাধিক ফ্লাইট থাকলেও কিছু রুটে সীমিত পরিসরে সেবা চালু থাকবে। আঞ্চলিক সংঘাতের কারণে গত ফেব্রুয়ারির শেষ দিকে কুয়েতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে দেশটির বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রী পরিবহনে বড় ধরনের ব্যাঘাত ঘটে। সম্প্রতি পরিস্থিতির উন্নতি এবং আংশিক স্থিতিশীলতা ফেরায় আবারো আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পূর্ণ স্বাভাবিক কার্যক্রমে ফিরতে কিছুটা সময় লাগবে এবং ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।


ওমান

ওমানে অভিযান, আটক ৪০ প্রবাসী

ওমানের রাজধানী মাসকাটে অভিযানে মোট ৪০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আটককৃতরা বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তবে এদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কিনা, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বরাত দিয়ে টাইমস অব ওমান জানিয়েছে, শ্রম আইন ও আবাসন সংক্রান্ত বিধি লঙ্ঘনের পাশাপাশি কিছু ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য রাখা ও ব্যবহারের অভিযোগও রয়েছে। এছাড়া জাল নোট রাখা, নিষিদ্ধ সামগ্রী ব্যবহার এবং জনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ওমানে শ্রম আইন কঠোরভাবে প্রয়োগ করা হয় এবং আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে রেসিডেন্সি সংক্রান্ত নিয়ম না মানা, অবৈধভাবে কাজ করা বা ভিসার শর্ত ভঙ্গ করাও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে।দেশটির আইনশৃঙ্খলা বাহিনী দেশের নিরাপত্তা, জনশৃঙ্খলা এবং শ্রমবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছে।

Logo