Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবের নিরাপত্তা বাহিনী এক সপ্তাহের অভিযানে মোট ১২ হাজার ১৯২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ৬ হাজার ৬০৬ জন আবাসন আইন ভঙ্গকারী, ৩ হাজার ৫১০ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারী এবং ২ হাজার ৭৬ জন শ্রম আইন ভঙ্গকারী। এছাড়া সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৫৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩২ শতাংশ ইয়েমেনি, ৬৭ শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরো ৫০ জনকে আটক করা হয়।

অভিযানে ১৭ হাজার ৩৬৮ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ২০ হাজার ৩১৮ জনকে নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য এবং ৬ হাজার ২৯৯ জনকে ভ্রমণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাঠানো হয়েছে।

অভিযানে আরো জানা গেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন ও চাকরি দেওয়ার সঙ্গে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মোট ৩৩ হাজার ২২৩ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যাদের মধ্যে ৩০ হাজার ৬৬৬ জন পুরুষ এবং ২ হাজার ৫৫৭ জন নারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে প্রবেশকারীদের সহায়তা করে, পরিবহন দেয়, আশ্রয় দেয় বা কোনো ধরনের সেবা প্রদান করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এছাড়া ব্যবহৃত যানবাহন ও আশ্রয়স্থলও বাজেয়াপ্ত করা হবে।

Logo