মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৫ এপ্রিল ২০২৬
বাহরাইনে ঘড়ি-গোল্ড চুরি, অভিযুক্তদের বিচার শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৮:১৮
বাহরাইন
বাহরাইনে ঘড়ি-গোল্ড চুরি, অভিযুক্তদের বিচার শুরু
বাহরাইনে রোলেক্স ঘড়ি ও দেড় কেজি ওজনের বেশ কয়েকটি স্বর্ণের বার চুরির ঘটনায় আট অভিযুক্তের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা একটি বাড়ির শোবার ঘরের লকার থেকে ২২টি রোলেক্স ঘড়ি, দেড় কেজি ওজনের বেশ কয়েকটি গোল্ড বার চুরি করেছে, যা প্রায় ৮ লাখ বাহরাইনি দিনার মূল্যের। বাংলা টাকায় যার মূল্য ২৬ কোটি টাকা। তদন্তে আরো বেরিয়ে এসেছে, ঘটনা ঘটানোর সময় চোরেরা সিসি ক্যামেরা ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল। তবে তাতেও শেষ রক্ষা হয়নি।তদন্তকারীরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে একটি সন্দেহজনক গাড়ির গতিবিধি বিশ্লেষণ করে তাদের শনাক্ত করতে সক্ষম হন।পরে অভিযানের মাধ্যমে একটি খামারবাড়ি ও একটি গ্যারেজ থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয় বলে নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে। বাহরাইনের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে তাদের বিচার কার্যক্রম চলমান রয়েছে। এদের মধ্যে কয়েকজন নিজেদের অপরাধ স্বীকার করলেও বাকিরা আদালতের কাছে রিভিউ আবেদন করেছে।
সৌদি আরব
সৌদিতে ডাক্তারদের সাফল্য, জোড়া শিশু হলো আলাদা
সৌদি আরবে সাড়ে ১৮ ঘণ্টার জটিল এক অপারেশন করে জোড়া লাগানো শিশু আলাদা করা হয়েছে। বিষয়টি সারা পৃথিবীতেই বিরল এবং সৌদি ডাক্তারদের তাক লাগানো সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিং আবদুল্লাহ স্পেশালাইজড শিশু হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, শিশু দুটি ছিল ফিলিপিনো।সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ডাক্তাররা সফলভাবে জটিল এই অপারেশনটির চতুর্থ ও পঞ্চম পর্যায় শেষ করেছেন, যার মধ্যে রয়েছে জোড়া খুলির পুনর্গঠন, বাহ্যিক শারীরিক গঠন ও সেলাই। শিশু দুটির অবস্থা এখন স্থিতিশীল আছে। সৌদি আরবের এই হাসপাতালটি জোড়া শিশু আলাদা করার চিকিৎসায় বিশেষ সুনাম অর্জন করেছে। এর আগেও এমন জটিল জোড়া শিশুর অপারেশন করে সাফল্য অর্জনের রেকর্ড রয়েছে সৌদির ডাক্তারদের।
কুয়েত
কুয়েতে শুরু হয়েছে সামাজিক অনুষ্ঠান, খুলেছে বিমানবন্দর
কুয়েতে আবারো সামাজিক অনুষ্ঠান চালুর অনুমতি দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ এপ্রিল শুক্রবার থেকে বিয়ে, সামাজিক অনুষ্ঠান ও থিয়েটার প্রদর্শনী আবার শুরু করা যাবে। কর্তৃপক্ষ বলছে, দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সাময়িকভাবে এসব অনুষ্ঠান ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল। এমনকি খোলা ময়দানে ঈদের জামাতও পড়ার অনুমতি দেওয়া হয়নি। তবে এখন কুয়েত সরকার জানিয়েছে, সামাজিক অনুষ্ঠান ও কার্যক্রম পুনরায় চালুর পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করাও তাদের প্রধান লক্ষ্য।এদিকে, দীর্ঘ সময় বন্ধ থাকার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ধাপে ধাপে পুনরায় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় রেখে ধীরে ধীরে ফ্লাইট কার্যক্রম শুরু করা হবে। প্রাথমিকভাবে ২৬ এপ্রিল রোববার থেকে সীমিত আকারে ফ্লাইট চালু হতে পারে। প্রথম ধাপে নির্দিষ্ট কিছু গন্তব্যে যাত্রী পরিবহন শুরু হবে এবং টার্মিনাল ৪ ও টার্মিনাল ৫ থেকে কার্যক্রম পরিচালিত হবে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতের হাজিদের জন্য জরুরি স্বাস্থ্যবার্তা
সংযুক্ত আরব আমিরাত থেকে ২০২৬ সালের হজে অংশগ্রহণকারীদের মক্কা ভ্রমণের অন্তত ১০ দিন আগে প্রয়োজনীয় টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আগেভাগে টিকা গ্রহণ করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়, যা হজের মতো বড় জমায়েতে সংক্রমণের ঝুঁকি কমাতে খুবই কার্যকর। নির্দেশনায় বলা হয়েছে, হজযাত্রীদের জন্য মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার টিকা বাধ্যতামূলক। এছাড়া বয়স ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে নিউমোকোকাল টিকা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কোভিড-১৯ টিকা বাধ্যতামূলক না হলেও এটি গ্রহণের সুপারিশ করা হয়েছে, যাতে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করা যায়। সেই সাথে হজে যাওয়ার অন্তত এক মাস আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে, যাতে যাত্রীর স্বাস্থ্যঝুঁকি আগে থেকে মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, হজে দীর্ঘ সময় হাঁটা, ভিড় ও শারীরিক পরিশ্রমের কারণে শারীরিক প্রস্তুতি ও স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
logo-1-1740906910.png)