বাহরাইনের মানামায় কনস্যুলার ক্যাম্প, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৩:০৬
বাহরাইনে গত ২৪ এপ্রিল (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিনে প্রবাসীদের দোরগোড়ায় বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস মানামা কর্তৃক দেশটির হামাদ টাউন এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য প্রবাসবান্ধব বিশেষ কনস্যুলার ক্যাম্প আয়োজন করা হয়।
ওই এলাকার প্রবাসীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে বিভিন্ন সেবা গ্রহণের জন্য অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে প্রায় ৩০০ জন সেবাগ্রহীতাকে পাসপোর্ট সেবা, জন্মনিবন্ধন সেবা, বিশেষ আইনগত সেবা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন সেবা এবং ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি কনস্যুলার ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি আগত প্রবাসীদের স্বাগত জানান এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।উপস্থিত প্রবাসীরা দূতাবাসের এমন প্রবাসবান্ধব কনস্যুলার সেবার আয়োজনের জন্য রাষ্ট্রদূতসহ দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
এছাড়া সাপ্তাহিক ছুটির দিনে একই ছাতার নিচে পাসপোর্ট, জন্মনিবন্ধন, আইনগত ও ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধনসহ বিভিন্ন সেবা পেয়ে প্রবাসীরাও উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সাথে ফ্রি মেডিকেল সেবা প্রদানের জন্য তারা দূতাবাসের ভূয়সী প্রশংসা করেন এবং বাহরাইনের বিভিন্ন স্থানে এ ধরনের ক্যাম্প আয়োজনের অনুরোধ জানান।
গতকালের কনস্যুলার ক্যাম্পে দূতাবাসের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন মো. সোহাগ হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা), মো. মাহফুজুর রহমান, প্রথম সচিব (শ্রম) এবং দূতাবাসের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা।
logo-1-1740906910.png)