Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ঈদুল আজহায় টানা ছয় দিনের ছুটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৩

আমিরাতে ঈদুল আজহায় টানা ছয় দিনের ছুটি

এবারের ঈদুল আজহার ছুটি কর্মীদের জন্য দীর্ঘ বিশ্রামের সুযোগ এনে দিচ্ছে। শারজাহ বিশ্ববিদ্যালয়ভিত্তিক শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব (SSAH) জানিয়েছে, ১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী, জিলহজ মাস শুরু হবে ১৮ মে। এতে আরাফাত দিবস পড়বে মঙ্গলবার, ২৬ মে এবং ঈদুল আজহা শুরু হবে বুধবার, ২৭ মে।

ইউএই সরকার আরাফাত দিবস ও ঈদুল আজহা উপলক্ষে চার দিনের সরকারি ছুটি ঘোষণা করে থাকে। এ বছর ছুটি সপ্তাহান্তের সঙ্গে মিলে গিয়ে কর্মীরা টানা ছয় দিনের বিরতি পাবেন। সরকারি ও বেসরকারি উভয় খাতেই একই সংখ্যক ছুটি দেওয়া হবে।

ঈদুল আজহা ইসলামের দুটি বড় ঈদের একটি। এর অর্থ “কোরবানির উৎসব”। এটি নবী ইবরাহিম (আ.)-এর আল্লাহর আদেশে সন্তানকে কোরবানি দেওয়ার প্রস্তুতির স্মৃতিচারণ করে পালিত হয়।

ঈদুল আজহা হজ মৌসুমের সমাপ্তি নির্দেশ করে। হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যা ধৈর্য, নৈতিকতা ও আল্লাহর নৈকট্য অর্জনের শিক্ষা দেয়। হজ শুরু হয় জিলহজ মাসের ৮ তারিখে। ৯ তারিখে আরাফাত দিবসে হাজিরা মক্কার আরাফাত ময়দানে অবস্থান করেন। বিশ্বব্যাপী মুসলমানরা এ দিন রোজা পালন করেন। এরপর ১০ জিলহজ থেকে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু হয়।

যদিও SSAH পূর্বাভাস দিয়েছে, চূড়ান্তভাবে জিলহজ মাসের শুরু ঘোষণা করবে ইউএইর চাঁদ দেখা কমিটি। এ কমিটিতে থাকবেন জ্যেষ্ঠ আলেম, সরকারি কর্মকর্তা ও জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ছুটির তারিখ নিশ্চিত হবে।

টানা ছয় দিনের ছুটি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ এবং ধর্মীয় আচার পালনের জন্য বিশেষ সুবিধা দেবে। একই সঙ্গে এটি ইউএইর পর্যটন ও বিনোদন খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

Logo