Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৪ এপ্রিল ২০২৬

বাহরাইনে দোকানে চুরি, আটক ৪

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৮:৫৫

বাহরাইনে দোকানে চুরি, আটক ৪

বাহরাইন 

বাহরাইনে দোকানে চুরি, আটক ৪

বাহরাইনের নুয়াইদরাত এলাকায় চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) জানিয়েছে, নুয়াইদরাত এলাকায় একটি খুচরা দোকান থেকে ৪ হাজার বাহরাইনি দিনারের বেশি মূল্যের মার্চেন্ডাইজিং পণ্য চুরির ঘটনায় চারজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এদের বয়স ৪৪ থেকে ৫২ বছরের মধ্যে। কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই সিআইডি তদন্ত শুরু করে এবং ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে প্রমাণ সংগ্রহ করে। তদন্তের ভিত্তিতে সন্দেহভাজনদের শনাক্ত করে তাদের আটক করা হয়। একই সঙ্গে চুরি হওয়া সব পণ্য উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও সমন্বিত পদক্ষেপের কারণে অপরাধীরা ধরা পড়েছে এবং এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। 


সৌদি আরব 

মক্কায় প্রবেশ কঠিন করল কর্তৃপক্ষ

সৌদি আরবে হজ মৌসুমকে সামনে রেখে মক্কায় প্রবেশের নিয়ম আরো কঠোর করার ঘোষণা দেওয়া হয়েছে। ১৯ এপ্রিল থেকে বৈধ প্রবাসীসহ ৬ ক্যাটাগরিতে দেশটির নাগরিক বাসিন্দারা “Absher” প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়ে শহরে প্রবেশ করতে পারবেন। নতুন নিয়ম অনুযায়ী, প্রিমিয়াম রেসিডেন্সি ধারক, বিনিয়োগকারী, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) দেশের নাগরিক, সৌদি নাগরিকদের অ-সৌদি মা, অ-সৌদি পরিবারের সদস্য এবং গৃহকর্মীরা এই অনুমতির জন্য আবেদন করতে পারবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের বৈধ অনুমতি নেই, তাদের মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না। এই ব্যবস্থা মূলত হজ মৌসুমে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং হাজিদের নির্বিঘ্নে ইবাদত করার সুযোগ দেওয়ার জন্য নেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, শুধু অনুমোদিত পারমিটধারী, মক্কা-ইস্যুকৃত ইকামা বা বৈধ হজ পারমিটধারীরাই প্রবেশ করতে পারবেন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশটির পাসপোর্ট অধিদপ্তর আরো নিশ্চিত করেছে, এখন থেকে প্রবাসী কর্মীদের জন্য এই পারমিট আবেদন সম্পূর্ণ অনলাইনে গ্রহণ করা হবে এবং এ জন্য পাসপোর্ট অফিসে সরাসরি যাওয়ার প্রয়োজন হবে না, যা পুরো প্রক্রিয়াকে আরো দ্রুত, সহজ ও ঝামেলামুক্ত করেছে। 


কুয়েত 

কুয়েতে কর্মরত শ্রমিকদের বেতন দিতে নিয়োগকর্তাদের সতর্ক করল কর্তৃপক্ষ

কুয়েতে বেসরকারি খাতে কর্মরত শ্রমিকদের বেতন সময়মতো পরিশোধ নিশ্চিত করতে নিয়োগকর্তাদের প্রতি জোর আহ্বান জানিয়েছে দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার। কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের বেতন নিয়মিত ও নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের মাধ্যমে প্রদান করা বাধ্যতামূলক এবং এ বিষয়ে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে নিয়োগকর্তাদের বেতন সংক্রান্ত তথ্য ও ফাইল ব্যাংকের সঙ্গে সমন্বয় করে জমা দেওয়ার প্রযুক্তিগত প্রক্রিয়াও পর্যালোচনা করা হয়েছে, যাতে কোনো ধরনের বিলম্ব বা অনিয়ম না ঘটে। পিএএম সতর্ক করে বলেছে, যারা সময়মতো বেতন পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে; যার মধ্যে কোম্পানির ফাইল আংশিক বা সম্পূর্ণ স্থগিত করা পর্যন্ত অন্তর্ভুক্ত থাকতে পারে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শ্রমিকদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা, কর্মপরিবেশ উন্নত করা এবং শ্রমবাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা। এছাড়া পিএএম দেশটির ব্যবসায়ীদের জন্য নতুন একটি অনলাইন অ্যাপ “আশাল” চালু করার উদ্যোগ নিয়েছে, যাতে করে বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে ডিজিটালাইজেশনের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়। 

Logo