সংযুক্ত আরব আমিরাত ও ওমানকে যুক্ত করতে নির্মিত হচ্ছে হাফিত রেল প্রকল্প। ইতোমধ্যে প্রকল্পের ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে এতিহাদ রেল। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়।
হাফিত রেল সম্পূর্ণ হলে দৈর্ঘ্য হবে ২৩৮ কিলোমিটার। এতে থাকবে ৬০টি সেতু, যার কিছু ৩৪ মিটার উঁচু। এছাড়া ২.৫ কিলোমিটার দীর্ঘ টানেলও নির্মিত হচ্ছে। রেলপথটি পাঁচটি প্রধান বন্দর এবং বিভিন্ন শিল্পাঞ্চল ও ফ্রি জোনকে সংযুক্ত করবে।
বর্তমানে কাজ চলছে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে—
- সংযুক্ত আরব আমিরাতের আল আইন অঞ্চল (ওমান সীমান্তের কাছে)
- ওমানের আল বুরাইমি (ইউএই সীমান্তের কাছে)
- ওমানের পূর্ব উপকূলীয় শহর সোহার
- সোহার সংলগ্ন ওয়াদি আল জিজি
প্রকল্পে এখন পর্যন্ত ২৭ মিলিয়ন ঘনমিটার মাটি সরানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ১ কোটি নিরাপদ কর্মঘণ্টা সম্পন্ন হয়েছে কোনো বড় দুর্ঘটনা ছাড়াই। এতিহাদ রেল জানিয়েছে, প্রতিটি ধাপ শেষ হওয়ার পর মূল্যায়ন করা হচ্ছে এবং ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
হাফিত রেল প্রকল্প সম্পন্ন হলে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রবাহ বাড়বে, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং অর্থনৈতিক একীকরণ আরো গভীর হবে। প্রকল্পের নামকরণ করা হয়েছে জেবেল হাফিতের নামে, যা দুই দেশের জন্য ঐতিহাসিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই রেলপথ শুধু পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনবে না, বরং আঞ্চলিক অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। শিল্পাঞ্চল ও বন্দরগুলো সরাসরি যুক্ত হওয়ায় আমদানি-রপ্তানি সহজ হবে। একই সঙ্গে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়বে।
logo-1-1740906910.png)