মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৩ এপ্রিল ২০২৬
হামাদ টাউনে দূতাবাসের আয়োজনে কনস্যুলার ক্যাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৩:৫২
বাহরাইন
হামাদ টাউনে দূতাবাসের আয়োজনে কনস্যুলার ক্যাম্প
বাহরাইনে বাংলাদেশ দূতাবাস দেশটির হামাদ টাউনে কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে। ২৪ এপ্রিল আয়েশা মসজিদ এলাকায় এই ক্যাম্প বসবে শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এই ক্যাম্পে বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়ন, ই-পাসপোর্ট সেবা, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেন। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ক্যাম্পে অনলাইনে আবেদনের নির্দেশনা, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং অন্যান্য প্রশাসনিক সহায়তাও প্রদান করা হবে। দূতাবাস জানিয়েছে, ক্যাম্পে উপস্থিত থাকবেন রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। প্রবাসীদের ভোগান্তি কমাতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতেই এই আয়োজন। এছাড়া ক্যাম্পে ফ্রি মেডিকেল সেবাও পাবেন প্রবাসীরা।
সৌদি আরব
সৌদিতে হজের সময় খাদ্য নিরাপত্তায় কঠোর বার্তা
সৌদিতে হজের সময় অনুমতি ছাড়া ভাসমান দোকান দিলে, লাইসেন্স ছাড়া খাবার বিক্রি করলে ১০ বছর জেল, ১ কোটি রিয়াল জরিমানার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি জানিয়েছে, হজের সময় প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া খাদ্য উৎপাদন, সংরক্ষণ বা ব্যবসা পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ।সংস্থাটি আরো জানিয়েছে, সব খাবারের দোকান, কারখানা ও গুদামকে ফুড ল’ এবং সংশ্লিষ্ট বিধিমালা কঠোরভাবে মেনে চলতে হবে এবং অনুমোদিত স্থানের বাইরে খাদ্য সংরক্ষণ বা অঅনুমোদিত প্রতিষ্ঠানে অনুমতি ছাড়া কোনো ধরনের কার্যক্রম চালানো যাবে না। একই সঙ্গে নিয়মবহির্ভূত পণ্য বাজারজাত করাও নিষিদ্ধ করা হয়েছে। এসএফডিএ জোর দিয়ে বলেছে, হজ করতে আসা লাখো হাজির নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য এবং এ জন্য তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শুধু জরিমানা বা কারাদণ্ডই নয়, বরং তাদের খাদ্য-সংক্রান্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা, এমনকি লাইসেন্স বাতিল বা স্থগিত করার মতো কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে।
কুয়েত
কুয়েতে বাধ্যতামূলক মোবাইল আইডি
কুয়েতে অনলাইনে বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে “Kuwait Mobile ID” অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির সেন্ট্রাল ব্যাংক নিয়ম জারি করেছে, সব এক্সচেঞ্জ কোম্পানিকে অনলাইন ট্রান্সফারের সময় গ্রাহকের পরিচয় এই অ্যাপের মাধ্যমে যাচাই করতে হবে এবং প্রতিটি যাচাইকরণ প্রক্রিয়া ডকুমেন্ট আকারে সংরক্ষণ করতে হবে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো সাইবার জালিয়াতি কমানো, অবৈধ লেনদেন প্রতিরোধ করা এবং নিশ্চিত করা যিনি টাকা পাঠাচ্ছেন তিনি প্রকৃত অ্যাকাউন্টধারী। কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা ঝুঁকিও বেড়ে চলেছে, তাই এই অতিরিক্ত যাচাইকরণ ব্যবস্থা চালু করা হয়েছে। “Kuwait Mobile ID” অ্যাপের মাধ্যমে নাগরিক ও প্রবাসীরা ফিজিক্যাল সিভিল আইডি ছাড়াই নিরাপদভাবে পরিচয় যাচাই, ডিজিটাল স্বাক্ষর এবং বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন। কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই উদ্যোগ কুয়েতে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
logo-1-1740906910.png)