কুয়েতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট ব্যবস্থায় ডিজিটাল পরিবর্তন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৩:৩১
কুয়েতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট ব্যবস্থায় বড় ধরনের ডিজিটাল পরিবর্তন এসেছে। দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে, যার মাধ্যমে এখন থেকে প্রবাসীরা খুব সহজেই অনলাইনে ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিভিন্ন কাজ করতে পারবেন।
এই নতুন সিস্টেমে “Ashal Services” পোর্টালের মাধ্যমে ওয়ার্ক পারমিট ইস্যু করা, বাতিল করা, এমনকি বাতিল হওয়া পারমিট আবার পুনরায় চালু করার সুযোগও থাকবে; সবকিছুই এখন হবে সম্পূর্ণ অনলাইনে। ফলে আর সরাসরি অফিসে যাওয়ার ঝামেলা থাকবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই সেবাটি মূলত প্রবাসী কর্মীদের জন্য প্রক্রিয়াকে দ্রুত, সহজ এবং আরো স্বচ্ছ করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। বিশেষ করে যেসব প্রবাসী বৈধ রেসিডেন্সি ক্যাটাগরির আওতায় আছেন, যেমন কুয়েতি নাগরিকদের পরিবারের সদস্য বা যাদের স্ট্যাটাস বৈধভাবে পরিবর্তন করা হয়েছে, তারা এই সুবিধা পাবেন।
এছাড়া নির্দিষ্ট শর্ত পূরণ করলে একজন প্রবাসী এক সেক্টর থেকে অন্য সেক্টরে ওয়ার্ক পারমিট ট্রান্সফারও করতে পারবেন। তবে এ জন্য অবশ্যই বৈধ রেসিডেন্সি ও পাসপোর্ট থাকতে হবে। কোনো প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা যাবে না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন লাগবে।
একইভাবে ওয়ার্ক পারমিট বাতিলের ক্ষেত্রেও নিশ্চিত করতে হবে যেন কোনো বকেয়া আবেদন বা আইনি সমস্যা না থাকে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরো প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ ইলেকট্রনিকভাবে যাচাই ও অনুমোদন করা হবে। এতে শুধু সময়ই বাঁচবে না, বরং প্রশাসনিক জটিলতাও অনেক কমে যাবে।
logo-1-1740906910.png)