হজ মৌসুমে অনুমোদন ছাড়া খাদ্য উৎপাদন বা সংরক্ষণ করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১ কোটি সৌদি রিয়াল জরিমানা হতে পারে বলে সতর্ক করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)। ২২ এপ্রিল এক প্রেস বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়।
এসএফডিএ জানিয়েছে, হজ মৌসুমে খাদ্য ও ওষুধের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। এ জন্য খাদ্য আইন ও তার বাস্তবায়ন বিধিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। কোনো কারখানা বা গুদাম অনুমোদন ছাড়া চালু করা যাবে না এবং বন্ধ থাকা প্রতিষ্ঠান পুনরায় চালু করতে হলে আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে।
সংস্থাটি আরো বলেছে, অনুমোদিত নিয়ম ভঙ্গ করে কোনো খাদ্যপণ্য উৎপাদন বা বাজারজাত করা যাবে না। এসব কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।
এসএফডিএর বিবৃতিতে উল্লেখ করা হয়, আইন ভঙ্গকারীরা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ১ কোটি রিয়াল জরিমানা, সর্বোচ্চ ১৮০ দিন খাদ্য কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং এক বছরের জন্য লাইসেন্স বাতিল বা স্থগিতের মতো শাস্তির মুখোমুখি হতে পারেন।
সংস্থাটি জানায়, খাদ্য আইন মেনে চললে বাজারে খাদ্যপণ্যের নিরাপত্তা বাড়ে এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। এ জন্য সব প্রতিষ্ঠানকে নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এসএফডিএ জনগণকে আহ্বান জানিয়েছে, কোনো অনিয়ম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানানোর জন্য একক নম্বর ১৯৯৯৯-এ যোগাযোগ করতে।
logo-1-1740906910.png)