মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২২ এপ্রিল ২০২৬
বাহরাইনে বেসরকারি খাতের নাগরিকদের বেতন বৃদ্ধি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৩:৪৩
বাহরাইন
বাহরাইনে বেসরকারি খাতের নাগরিকদের বেতন বৃদ্ধি
বাহরাইনের শ্রম মন্ত্রণালয় দেশটির বেসরকারি খাতে কর্মরত নাগরিকদের বেতন বৃদ্ধির তথ্য প্রকাশ করেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তৃতীয়ার্ধে বেসরকারি খাতে কর্মরত প্রায় ১ লাখ ৫ হাজার বাহরাইনি কর্মীর মাসিক বেতন বেড়ে গড়ে ৮৯২ বাহরাইনি দিনারে পৌঁছেছে। মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি খাতে বেতন নির্ধারণ মূলত বাজারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে এবং এটি কর্মক্ষেত্র, যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ভিন্ন হয়ে থাকে। একই সঙ্গে জীবনমান উন্নয়নের লক্ষ্যে নতুন করে ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয় স্নাতকদের জন্য ন্যূনতম ৫০০ দিনার, ডিপ্লোমাধারীদের জন্য ৪৩০ দিনার এবং মাধ্যমিক বা তার নিচের শিক্ষাগত যোগ্যতার জন্য ৩৫০ দিনার বেতন নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় গড়ে ৫০ দিনার বেশি। এছাড়া, তামকিন কর্মসূচির মাধ্যমে প্রতি বছর প্রায় ৫০ হাজার বাহরাইনিকে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সহায়তা দেওয়া হচ্ছে এবং নিয়োগদাতাদের জন্য বেতন সহায়তা কর্মসূচিও চালু রয়েছে। যেখানে প্রথম বছরে ৭০%, দ্বিতীয় বছরে ৫০% এবং তৃতীয় বছরে ৩০% পর্যন্ত বেতন সহায়তা প্রদান করা হয়।
সরকার জানিয়েছে, এসব পদক্ষেপের মাধ্যমে বেসরকারি খাতকে আরো শক্তিশালী করা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। বাহরাইনিদের বেতন বৃদ্ধির তথ্য প্রকাশ করলেও দেশটিতে থাকা প্রবাসীদের কোনো ধরনের বেতন বৃদ্ধির তথ্য প্রকাশ পায়নি।
কুয়েত
কুয়েতে পাইকারি বাজারে অনিয়ম, কর্তৃপক্ষের কড়া অভিযান
কুয়েতের শুওয়াইক ইন্ডাস্ট্রিয়াল এলাকায় চলমান অভিযানে একাধিক দোকানের বিরুদ্ধে জালিয়াতি ও দাম নির্ধারণে অনিয়ম ধরা পড়েছে। দেশটির কমার্শিয়াল কন্ট্রোল ও কনজিউমার প্রটেকশন বিভাগ রাজধানী গভর্নরেটে পাইকারি দোকানগুলোতে অভিযান চালিয়ে মোট ১০টি আইন লঙ্ঘনের রিপোর্ট করে। অভিযানে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া খুচরা ব্যবসা পরিচালনা করছে, অনেক দোকান গ্রাহকদের ইনভয়েস দিচ্ছে না এবং কিছু ক্ষেত্রে পণ্যের ওজন কম দেখিয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে। এছাড়া নির্ধারিত মূল্য তালিকা না মেনেই দাম নির্ধারণের ঘটনাও হাতেনাতে ধরা পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অভিযান বাজার নিয়ন্ত্রণ জোরদার করা, ভোক্তাদের অধিকার রক্ষা করা এবং অসাধু ব্যবসা বন্ধ করার অংশ হিসেবে চালানো হচ্ছে। একই কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান চলবে এবং আইন অনুযায়ী নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি আরব
সৌদিতে রেকর্ড বৃষ্টি, আরো বাড়ার সতর্কতা
সৌদি আরবে চলতি বছরের এপ্রিল মাসে হঠাৎ করে বেড়ে গেছে বৃষ্টিপাতের পরিমাণ। দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি এপ্রিলের প্রথমার্ধে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত গড়ে ২০.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে স্বাভাবিক গড় ছিল মাত্র ৭.৮ মিলিমিটার। অর্থাৎ বৃষ্টিপাত বেড়েছে প্রায় ১৬২ শতাংশ। প্রতিবেদনে আরো বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণে তারতম্য দেখা গেছে।কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি, কিছু এলাকায় স্বাভাবিক এবং কিছু এলাকায় কম বৃষ্টি হয়েছে। এর মধ্যে আবহাওয়া স্টেশনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যেখানে গড়ে ১৩৯ মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে এবং মোট ১৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ওই স্টেশনের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া খামিস মুশাইত স্টেশনেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই তথ্যগুলো ভবিষ্যৎ আবহাওয়া বিশ্লেষণ, পরিকল্পনা এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সাথে সাধারণ জনগণকে নিয়মিত আপডেট অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড
সংযুক্ত আরব আমিরাতে এপ্রিল মাসে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এটি সাধারণ মৌসুমি তাপমাত্রার তুলনায় বেশ বেশি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশের কিছু এলাকায় সোমবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্পর্শ করেছে। অথচ এই সময় উপকূলীয় অঞ্চলে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং অন্যান্য এলাকায় তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এটি গ্রীষ্মের আগাম ইঙ্গিত হলেও এখনো পুরোপুরি গরমের মৌসুম শুরু হয়নি। কারণ দেশটিতে বর্তমানে “Sarrayat” মৌসুম চলছে, যা সাধারণত মে মাস পর্যন্ত বজায় থাকে। এ সময়ে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ, দমকা হাওয়া, ধূলিঝড় এবং স্বল্প সময়ের বৃষ্টিপাত দেখা দিতে পারে। আবহাওয়াবিদরা আরো জানিয়েছেন, আরব উপদ্বীপে তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাবেই এই ধরনের অস্থির আবহাওয়া তৈরি হচ্ছে, যার ফলে তাপমাত্রা বাড়ার পাশাপাশি মাঝে মাঝে মেঘ ও বৃষ্টির সম্ভাবনাও থাকছে। তারা সতর্ক করে বলেছেন, মে মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি আরো স্থিতিশীল হয়ে তাপমাত্রা নিয়মিতভাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উঠতে পারে, যার ফলে গ্রীষ্মের তীব্রতাও ধীরে ধীরে বাড়তে থাকবে।
logo-1-1740906910.png)