Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে এসএসসি পরীক্ষা হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৪

আমিরাতে এসএসসি পরীক্ষা হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত দুটি বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে একযোগে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়।

আবুধাবির প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ও হল সুপার কিরণ আখতার জানান, তাদের প্রতিষ্ঠান থেকে মোট ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩৮ জন নিয়মিত এবং ১২ জন অনিয়মিত পরীক্ষার্থী।

অন্যদিকে, রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। একজন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানান জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের মোহাম্মদ শাহনেওয়াজ। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ২৪ জন বিজ্ঞান বিভাগের এবং ২১ জন ব্যবসায় শিক্ষা বিভাগের।

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। একইভাবে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন শ্রম কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ খান। পরিদর্শন শেষে তিনি জানান, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, উভয় প্রতিষ্ঠানেই ইংরেজি মাধ্যমে পাঠদান করা হয় এবং শিক্ষার্থীরা বৈদেশিক কেন্দ্রের পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

Logo