সৌদিতে জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগ, ১১ রিক্রুটমেন্ট প্রতিষ্ঠান বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৫:১২
সৌদি আরবে নানাবিধ আইন লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকটি নিয়োগ বা রিক্রুটমেন্ট অফিস বন্ধ করে দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য গালফ নিউজ জানিয়েছে, গুরুতর নিয়ম লঙ্ঘনের অভিযোগে একযোগে ১১টি রিক্রুটমেন্ট অফিসের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং আরো কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সরকারি তথ্যে আরো জানা গেছে, ২০২৬ সালের প্রথম দিকেও অভিযান চালিয়ে মোট ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, যার মধ্যে ৩টির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয় এবং ১১টির লাইসেন্স পুরোপুরি বাতিল করা হয়। কারণ তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের ত্রুটি সংশোধনে ব্যর্থ হয়েছিল। আর এসব লঙ্ঘনের মধ্যে ছিল নিয়োগ-সংক্রান্ত নিয়ম না মানা, ঠিক সময়ে গ্রাহকদের অর্থ না দেওয়া এবং অভিযোগের যথাযথ সমাধান না করা। এছাড়া আরো নানা অভিযোগ।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই কঠোর পদক্ষেপের মূল লক্ষ্য হলো শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা, সেবার মান উন্নত করা এবং কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার রক্ষা করা। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে, তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনগণকে নিরাপদে চুক্তি, অভিযোগ জানানো এবং সেবা যাচাই করার জন্য “মুসানেদ” প্ল্যাটফর্ম ব্যবহার করারও আহ্বান জানানো হয়েছে।
logo-1-1740906910.png)